কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য আদান-প্রদান বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যোগাযোগের জন্য ব্যবহৃত মেইল সিস্টেমের হার্ডওয়্যার জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফলে কয়েক দিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগব্যবস্থা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। গতকাল সোমবার তা প্রায় অচলাবস্থায় পৌঁছায়। এ কারণে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বিভাগ থেকে ব্যবহারকারীদের জন্য অভ্যন্তরীণ নোটিশ জারি করা হয়।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করা হয়। ওই মামলার তদন্ত করছে সিআইডি। সেই তদন্তের প্রয়োজনে সিআইডির পক্ষ থেকে হার্ডওয়্যারসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত ও যন্ত্রপাতি জব্দ করা হয়। গতকাল পর্যন্ত সিআইডি কেন্দ্রীয় ব্যাংক থেকে ৬৬ ধরনের আইটেম জব্দ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘রিজার্ভ চুরির তদন্ত আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় যন্ত্রপাতি জব্দ করেছিলাম। জব্দকৃত যন্ত্রপাতি আবার বাংলাদেশ ব্যাংকের জিম্মায় ফিরিয়েও দেওয়া হয়েছে। সেগুলো সচল ও সক্রিয় অবস্থায় আছে। আমাদের তদন্তের কারণে কার্যক্রমে ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই।’
এদিকে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অভ্যন্তরীণ যে নোটিশ জারি হয়েছে তাতে বলা হয়, নিজস্ব যোগাযোগের জন্য ব্যবহৃত মেইলের নতুন ভার্সন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে এক সপ্তাহের মতো সময় লাগবে। এ সময়ের মধ্যে ব্যবহারকারীদের কেউ কেউ বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কের বাইরে থেকে নিজস্ব মেইল সিস্টেমে প্রবেশাধিকার না-ও পেতে পারেন।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে সম্প্রতি মেইল সিস্টেমের কিছু যন্ত্র জব্দ করে সিআইডি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মেইল সিস্টেম প্রায় অচল হয়ে পড়ে। ব্যাংকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দাপ্তরিক মেইল ব্যবহারের বাধ্যবাধকতা থাকায় ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে গেছে। ফলে কার্যক্রমে ধীরগতি নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগ সূত্রে জানা গেছে, নিজস্ব যোগাযোগের মেইলের হার্ডওয়্যার জব্দ করায় মেইল কাজ করছে না। এ কারণে জরুরি ভিত্তিতে নতুন মেইল ভার্সনে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মাইক্রোসফট এক্সচেঞ্জ মেইলিং সফটওয়্যার ২০০৭ থেকে ২০১৩-তে স্থানান্তরের প্রক্রিয়া আজ মঙ্গলবার শুরু হবে। স্থানান্তর শেষ হতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ।

তবে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি বিভাগ ঘুরে দেখা গেছে, অনেকের কম্পিউটার বন্ধ। কারও কম্পিউটারে নেটওয়ার্ক সংযোগ নেই। আবার অনেকের ইন্টারনেট সংযোগ নেই। বেশির ভাগ বিভাগের কর্মকর্তারা দাপ্তরিক মেইল খুলতে পারেননি। ফলে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে কর্মকর্তাদের।

বাংলাদেশ ব্যাংকের আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সিআইডি কিছু হার্ডওয়্যার জব্দ করায় আমাদের ই-মেইল সিস্টেমটি যথাযথভাবে কাজ করছে না। ফলে নতুন সফটওয়্যারে যেতে হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের পূর্বের পরিকল্পনা ছিল চলতি বছরের জুনের মধ্যে নতুন সার্ভারে যাওয়ার। এর মধ্যে দুর্ঘটনার পর প্রক্রিয়াটা থমকে ছিল। তদন্তের স্বার্থে সিআইডিও কিছু যন্ত্রপাতি নিয়ে গেছে। ফলে নতুন সার্ভারে যাওয়ার জন্য প্রক্রিয়া চলছে।’

গত ৪ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে আর ২ কোটি ডলার গেছে শ্রীলঙ্কায়। তবে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে ফেরত চলে এসেছে। ফিলিপাইনে যাওয়া চুরির অর্থ ফেরত আনার প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যাওয়ার ঘটনায় পদত্যাগে বাধ্য হন তৎকালীন গভর্নর আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে কমিটি অর্থমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।