কেন্দ্রীয় ব্যাংকের জিএম তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম মোস্তফাকে মানবসম্পদ বিভাগ-১-এ বদলি করা হয়েছে। তিনি ব্যাংক পরিদর্শন বিভাগের দায়িত্বে ছিলেন। গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়েছেন গোলাম হায়দার। গোলাম হায়দার ইনস্টিটিউট অব ব্যাংকারস বাংলাদেশের (আইবিবি) জিএম ছিলেন।
জানা গেছে, গত বুধবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে গোলাম মোস্তফাকে তাঁর বিভাগের কিছু বিষয়ে প্রশ্ন করা হয়। দেশের সবচেয়ে ভালো ব্যাংক কোনটি এবং খারাপ ব্যাংক কোনটি—এই জাতীয় প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। গভর্নর তাই তাৎক্ষণিকভাবে তাঁকে মানবসম্পদ বিভাগে বদলির নির্দেশ দেন।
সূত্র জানায়, কেউ ছুটিতে গেলে ছুটিতে যাওয়া কর্মকর্তার দায়িত্ব অন্য একজন কর্মকর্তা পালন করেন। এই কর্মকর্তার দায়িত্বকে অবকাশিক দায়িত্ব বলা হয়। গোলাম মোস্তফাকে এমন বদলিই করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, নিয়মের মধ্যেই এই বদলি করা হয়েছে। আগেও এ ধরনের উদাহরণ রয়েছে।