কেন্দ্রীয় ব্যাংকের তদারকি কৌশলে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আর্থিক খাত, বিশেষত বিভিন্ন ব্যাংকের কার্যক্রম তদারকিতে সনাতনি কৌশলের সীমাবদ্ধতায় নতুন কিছু কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা একে বলছেন তদারকি বা সুপারভিশন কৌশলে পরিবর্তন। আমানতকারীদের স্বার্থরক্ষার পাশাপাশি ব্যাংকিং খাতের আর্থিক সুস্থতা, সচ্ছলতা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সমন্বিত তদারকির জোর দেওয়ার মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। নীতিগত পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মূলধন কাঠামো শক্তিশালীকরণের দিকে ঝুঁকেছে। ফলে, ২০১০ সালে মূলধন পর্যাপ্ততা-সংক্রান্ত ব্যাসেল-২ নীতিমালার (যেখানে ঋণ ঝুঁকি, বাজার ঝুঁকি ও পরিচালন ঝুঁকিকে বিবেচনা করা হয়েছে) পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হয়েছে। আর ব্যাসেল-৩ বাস্তবায়নের জন্য পথ-নকশা প্রণয়ন করা হচ্ছে। ঋণ শ্রেণীকরণ, প্রভিশনিং ও পুনঃ তফসিলীকরণ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। সর্বোচ্চ তিনবারের বেশি পুনঃ তফসিলীকরণের সুযোগ না রেখে, সঞ্চিতির (প্রভিশনিং) পরিমাণ বাড়িয়ে খেলাপি ঋণকে নিরুৎসাহিত করা হচ্ছে। বাড়ানো হয়েছে তারল্য ব্যবস্থাপনায় নজরদারি। ব্যাসেল-৩-এর আলোকে তারল্য পর্যাপ্ততার আরও দুটি নতুন পরিমাপের (লিক্যুইডিটি কভারেজ রেশিও ও নিট স্ট্যাবল ফান্ডিং রেশিও) প্রবর্তন প্রক্রিয়াধীন। প্রবর্তন করা হয়েছে চাপ সহনক্ষমতার গাইডলাইন। ত্রৈমাসিক ভিত্তিতে চাপ পরীক্ষার মাধ্যমে ঋণ, বাজার ও তারল্যঝুঁকি যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা-সংক্রান্ত একটি বিশদ গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। আর পর্যালোচনাধীন রয়েছে ক্যামেলস রেটিং গাইডলাইন। বাংলাদেশ ব্যাংকের প্রচলিত পরিপালনভিত্তিক সুপারভিশনকে ঝুঁকিভিত্তিক সুপারভিশনে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। বিশ্বব্যাংকের সহায়তায় ফাইন্যান্সিয়াল প্রজেকশন মডেল (এফপিএম) প্রবর্তনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাতিষ্ঠানিক পদক্ষেপ হিসেবে জাল-জালিয়াতি প্রতিরোধে স্বমূল্যায়ন পত্র প্রবর্তন করা হয়েছে। চালু হয়েছে করপোরেট মেমোরি ব্যবস্থাপনা পদ্ধতি। তফসিলি ব্যাংকগুলোকে পৃথক ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ে গবেষণা করা, অর্থনৈতিক ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস দেওয়া আর্থিক খাতের স্থিতিশীলতা পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতিমালা তৈরির সুপারিশ করার দায়িত্ব পালনের জন্য ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট’ নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগগুলো সমাধানের প্রয়াসে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট নামে নতুন বিভাগ খোলা হয়েছে। এ বিভাগে গ্রাহকদের অভিযোগ শোনার জন্য ‘১৬২৩৬’ নম্বরের একটি হটলাইন রয়েছে।জাল-জালিয়াতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চালু হয়েছে ইলেকট্রনিক ড্যাশবোর্ড ও এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউজিং। অন-সাইট ও অফ-সাইট সুপারভিশন কার্যক্রমে সমন্বয় এবং পরিদর্শন কর্মবলের দক্ষতা বাড়ানো হয়েছে।মূলধন বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা দায়ভিত্তিক ব্যবস্থার পরিবর্তে মূলধনের পরিমাণের ওপর নির্ধারণ, করপোরেট সুশাসন বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের দণ্ডারোপের ক্ষমতা বৃদ্ধিসহ ব্যাংক কোম্পানি আইনের আরও কয়েকটি ধারা সংস্কারের প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে।এ ছাড়া ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা কার্যক্রমের ওপর বিশেষ নজরদারিসহ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বা তদারকিমূলক কার্যক্রম শক্তিশালীকরণের প্রক্রিয়া আগামী দিনগুলোতেও সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসেবে অব্যাহত থাকবে। বাংলাদেশ ব্যাংক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার সুপারভিশন আর্কিটেকচারে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।