কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডিজি মনিরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুজ্জামান
মনিরুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম মনিরুজ্জামান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ছিলেন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আগামী রোববার তিনি এ পদে যোগদান করবেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ডেপুটি গভর্নরের শূন্য পদ পূরণে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) সমপর্ণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০(৪) নম্বর ধারার বিধান অনুযায়ী ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
বাংলাদেশ ব্যাংকে বর্তমানে দুজন ডেপুটি গভর্নর রয়েছেন। এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া সাপেক্ষে ডেপুটি গভর্নর হবেন তিনজন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনার আগ পর্যন্ত চারজন ডেপুটি গভর্নর ছিলেন। রিজার্ভের অর্থ চুরির ঘটনার পর গত মার্চে দুজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় সরকার। একই ঘটনায় পদত্যাগে বাধ্য হন তৎকালীন গভর্নর আতিউর রহমান।
নতুন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি তিনজনের একটি প্যানেল তৈরি করে। কিন্তু প্যানেলের দুজনের নামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ থাকায় প্যানেলটি বাতিল করে দেওয়া হয়। পরে অবশ্য তাঁদের অভিযোগ থেকে মুক্তিও দেয় দুদক।
পরে কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি ডেপুটি গভর্নর (ডিজি) পদে আবারও পাঁচজনের নাম সুপারিশ করে। বিভিন্ন পর্যায়ে অনুমোদনের পর গতকাল এস এম মনিরুজ্জামানকে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।