কেন্দ্রীয় ব্যাংকের পদবিন্যাস কমে ৯ ধাপ হতে পারে
২০টি ধাপকে নয়টি ধাপে নামিয়ে এনে বাংলাদেশ ব্যাংকের নতুন ও স্বতন্ত্র বেতনকাঠামোর প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে স্বতন্ত্র বেতনকাঠামো সৃষ্টি করতে এসব সমন্বয় প্রস্তাব নেওয়া হচ্ছে। অন্যদিকে সিদ্ধান্ত হয়েছে, এবার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আড়াইটি মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসাবে পাবেন।গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সমন্বয় ও বোনাসের এই প্রস্তাব নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান পর্ষদের সভায় সভাপতিত্ব করেন। জানা গেছে, নতুনভাবে প্রস্তাবিত এই বেতনকাঠামোতে মোট নয়টি গ্রেড রাখা হয়েছে। নতুন কাঠামোতে সর্বোচ্চ পদ অর্থাৎ একজন নির্বাহী পরিচালকের (ইডি) মূল বেতন ধরা হয়েছে ৬০ হাজার টাকা। আর সর্বনিম্ন এমএলএসএস বা পিয়ন পদে বেতন হচ্ছে সাত হাজার টাকা। কর্মকর্তাদের মধ্যে শুরুর পদ বা সহকারী পরিচালকদের (এডি) মূল বেতনের প্রস্তাব রয়েছে ২০ হাজার টাকা।এ ছাড়া কর্মকর্তা পদটি এডি পদে এবং তিনটি (বি, সি ও ডি) ক্যাটাগরি তৈরি করে কর্মচারী বা স্টাফদের এর মধ্যে সমন্বয় করার প্রস্তাব রয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক নিজস্ব জনবলের মধ্যে সর্বোচ্চ পদ হচ্ছে নির্বাহী পরিচালক। গভর্নর এবং ডেপুটি গভর্নরদের সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। সূত্র জানায়, গতকালের পর্ষদ সভায় ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের হিসাব বিবরণী এবং কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক উৎসাহ বোনাসের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে একটি মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে উৎসাহমূলক আর বাকি দেড়টি দেওয়া এক্স-গ্রেরেসিয়া (বিশেষ বিবেচনার আওতায়)। আগের বছর সাড়ে তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছে বোনাস হিসাবে। আগের বছরের তুলনায় বাংলাদেশ ব্যাংকের মুনাফা অর্ধেকের বেশি কমে আসায় এই বোনাস কমেছে বলে জানা গেছে।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণীতে স্বতন্ত্র বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার গঠিত কমিটি সম্প্রতি এক বৈঠক করে। এতে সিদ্ধান্ত হয়, সেপ্টেম্বর মাসে এসব প্রতিষ্ঠানের বেতনকাঠামো চূড়ান্ত করা হবে। তবে বাংলাদেশ ব্যাংক এবং উল্লিখিত তিন ব্যাংকের পক্ষ থেকে যে বেতনকাঠামোর প্রস্তাব করা হয়েছিল, তা বেশি মনে করে কমিটির বেশির ভাগ সদস্য। এ কারণে বেতন-ভাতা এবং গ্রেড কমিয়ে কমিটির কাছে নতুন করে প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ আসে কমিটির বৈঠক থেকে। এরই আলোকে বাংলাদেশ ব্যাংক একটি সংশোধিত বেতনকাঠামোর প্রস্তাব তৈরি করে এবং গতকাল তা পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। এ প্রস্তাবটি এখন সরকার গঠিত কমিটির কাছে পেশ করা হবে। উল্লেখ্য, সরকার গত জুনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যের মধ্যে রয়েছেন সংস্থাপনসচিব, অর্থসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, প্রতিরক্ষাসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর।