কেন্দ্রীয় ব্যাংকের মোট আয় ও পরিচালন মুনাফা কমেছে
বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রূপান্তরের হার ২০১১-১২ অর্থবছরে তার আগের বছরের তুলনায় কম ছিল। এর ফলে বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন বাবদ বাংলাদেশ ব্যাংকের প্রাপ্তি বা মুনাফা অর্ধেকে নেমে গেছে। এর প্রভাবে মোট আয় ও পরিচালন মুনাফাও কমে গেছে।২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের আর্থিক বিবরণীর সারসংক্ষেপ থেকে এ তথ্য পাওয়া গেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের গত অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক ও হিসাব বিবরণী অনুমোদন করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ২০১১-২০১২ অর্থবছরের বার্ষিক হিসাব ও স্থিতিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, অডিটর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আর্থিক বিবরণী থেকে দেখা যায়, গত অর্থবছরে বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন থেকে প্রাপ্তি বাবদ বাংলাদেশ ব্যাংকের হিসাবের খাতায় যোগ হয়েছে তিন হাজার ১৭৩ কোটি ১০ লাখ টাকা। আর তার আগের অর্থবছরে এই খাতে প্রাপ্তি ছিল প্রায় ছয় হাজার ৯৫৭ কোটি ১৫ লাখ টাকা। তার মানে বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন বাবদ প্রাপ্তি কমে গেছে প্রায় ৫৪ শতাংশ।এতে আরও দেখা যায়, বাংলাদেশ ব্যাংকর পরিচালন মুনাফা প্রায় সাড়ে ২০ শতাংশ কমে গেছে। ২০১০-১১ অর্থবছরে যেখানে পরিচালন মুনাফা ছিল আট হাজার ৮৪২ কোটি ছয় লাখ টাকা, সেখানে গত অর্থবছরে তা নেমে এসেছে সাত হাজার ৩১ কোটি ৭৪ লাখ টাকায়।আর্থিক হিসাব থেকে দেখা যায়, গত অর্থবছরে মোট আয় দাঁড়িয়েছে আট হাজার ৬৭৮ কোটি টাকা, যেখানে ২০১০-১১ অর্থবছরে এই আয় ছিল ছয় হাজার ৯০৪ কোটি টাকা। অর্থাৎ মোট আয় কমেছে প্রায় সাড়ে ১২ শতাংশ।অন্যদিকে ২০১১-১২ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৬৪৬ কোটি ৩০ লাখ টাকা। এটি তার আগের অর্থবছরের চেয়ে ৫৫ শতাংশ বেশি। ওই বছর ব্যয়ের পরিমাণ ছিল এক হাজার ৬১ কোটি ৬৬ লাখ টাকা। তবে গত অর্থবছর বাংলাদেশ ব্যাংকের পরিচালন আয় ছিল পাঁচ হাজার ৫০৪ কোটি ৯৩ লাখ টাকা, যা তার আগের বছর ছিল দুই হাজার ৯৪৭ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ পরিচালন আয় বেড়েছে ৮৬ শতাংশ।আর্থিক হিসাবের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, স্বর্ণ ধারণ বাবদ প্রাপ্তি হয়েছে ৮২৭ কোটি ১৫ লাখ টাকা, যা ২০১০-১১ অর্থবছরে ছিল এক হাজার ৮৯ কোটি ৪৭ লাখ টাকা।