কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করল পূবালী ব্যাংক
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সহায়তাপুষ্ট অর্থায়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক সুকোমল সিংহ চৌধুরী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল আহমদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ এইচ এম কায়-খসরু, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক হাবিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে এসএমই খাতে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের বাজার উন্নয়নে জাইকার সহায়তায় এ প্রকল্প নেওয়া হয়। এর আওতায় বাংলাদেশ ব্যাংক এবং অংশগ্রহণকারী ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধিসহ এসএমই খাতে মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য জাপান সরকার ৫০০ কোটি ইয়েন (তাদের মুদ্রা) সহায়তা দেবে।