একটি প্রতারক চক্র বাংলাদেশ ব্যাংকের নামে বাণিজ্যিক ব্যাংকগুলোতে একটি জাল নির্দেশ দিয়েছে।চক্রটি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের নামে প্যাড বানিয়ে তাতে বার্তা সংস্থা রয়টার্সের সেবার বিপরীতে স্থানীয় টাকায় অর্থ পরিশোধ করার জন্য ব্যাংকগুলোর প্রধান নির্বাহীকে চিঠি পাঠিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নামে এই জাল-জালিয়াতির নির্দেশনাটি বাণিজ্যিক ব্যাংকগুলোতে পৌঁছে।জানা গেছে, বিষয়টি ব্যাংকগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের নজরে আনা হলে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে একাধিক গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক গতকালই ব্যাংকগুলোকে ভুয়া সার্কুলারটি অনুসরণ না করার পরামর্শ দিয়েছে। একাধিক বেসরকারি ব্যাংক সূত্রে জানা গেছে, ভুয়া প্যাড ছেপে কুরিয়ার সার্ভিস বা বার্তাবাহকের মাধ্যমে ব্যাংকগুলোয় নির্দেশনাটি পৌঁছে দেওয়া হয়েছে। ভুয়া নির্দেশনাটির ইস্যু তারিখ দেওয়া হয়েছে ৯ ডিসেম্বর। ক্রমিক দেওয়া হয়েছে ‘বিআরপিডি সার্কুলার নং-১৮’। ভুয়া নির্দেশনাটিতে স্বাক্ষরকারী হিসেবে নাম রয়েছে আহমেদ এহতেশামুল হায়দারের, যাকে ডিজিএম, বিআরপিডি হিসেবে দেখানো হয়েছে এবং নামের ওপরে জাল স্বাক্ষরও রয়েছে। কিন্তু এই পদে এই নামে বর্তমানে কোনো কর্মকর্তা নেই। আহমেদ এহতেশামুল হায়দার নামে কেন্দ্রীয় ব্যাংকের একজন মহাব্যবস্থাপক (জিএম) রয়েছেন, যিনি বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এ দায়িত্ব পালন করছেন।নির্দেশনায় বলা হয়েছে, রয়টার্স ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকগুলোকে তাদের সব ধরনের সেবা দিয়ে থাকে এবং এ সেবা দিতে তাদের স্থানীয় সামর্থ্য রয়েছে। সুতরাং বাংলাদেশে রয়টার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজি হয়েছেন যে রয়টার্সের সেবার বিপরীতে স্থানীয় মুদ্রা টাকায় অর্থ পরিশোধ করা উচিত হবে। এতে আরও বলা হয়েছে, ব্যাংকগুলো এ নির্দেশনা না মানলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, নির্দেশনাটি হাতে পেয়েই এর সত্যতা নিয়ে কোনো কোনো ব্যাংকের কর্মকর্তাদের সন্দেহ হয়। কেননা, যার নাম ও স্বাক্ষরে এটি ইস্যু দেখানো হয়েছে তিনি অনেক আগে বিআরপিডির ডিজিএম ছিলেন। আবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও এ ধরনের কোনো সার্কুলারের অস্তিত্ব নেই। ওয়েবসাইটে ডিসেম্বর মাসে বিআরপিডি থেকে তিনটি সার্কুলার ইস্যু দেখানো হচ্ছে, যার ক্রমিক নম্বর ১৪, ১৫ ও ১৬ এবং এর একটিও ৯ ডিসেম্বর তারিখে ইস্যু হয়নি। অন্যদিকে রয়টার্সকে যেহেতু ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করে, সেহেতু এ ধরনের সার্কুলার বিআরপিডি নয়, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) থেকে হওয়ার কথা। আবার ইংরেজিতে লেখা নির্দেশনাটিতে ভাষাগত ভুলও রয়েছে।জানা গেছে, গভর্নর আতিউর রহমান বিষয়টি জানার পর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এরপরই গতকাল ব্যাংকগুলোকে প্রথমে টেলিফোনে এবং পরে আনুষ্ঠানিকভাবে সার্কুলার লেটার দিয়ে এই ভুয়া সার্কুলারের ব্যাপারে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, নির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংকের নয়। তাছাড়া স্বাক্ষরটি আহমেদ এহতেশামুল হায়দারেরও নয়। তাঁর পদবি মহাব্যবস্থাপক এবং তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নন।এ ব্যাপারে ঢাকায় রয়টার্সের কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, তারাও ভুয়া এই সার্কুলারটির বিষয়ে জেনেছে। আর রয়টার্সের বাংলাদেশ অফিসে কোনো সিইও পদ নেই। এটি একটি ব্যুরো অফিস।