কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিউর রহমান
আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের মান-মর্যাদা, স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, নৈতিক বলে বলীয়ান না হতে পারে, সেই দেশের অর্থনীতির জন্য সমূহ বিপদ। অতি উৎসাহের কারণে কেন্দ্রীয় ব্যাংকের স্বাতন্ত্র্য ও মান-মর্যাদা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে।’
এশিয়াটিক সোসাইটি আয়োজিত শফিকুর রহমান স্মারক বক্তৃতায় মূল বক্তা হিসেবে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন তিনি। এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আয়োজিত এ স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘সবার জন্য প্রবৃদ্ধি, কারও জন্য দারিদ্র্য নয়: আর্থিক অন্তর্ভুক্তির পথে অগ্রযাত্রা’। অনুষ্ঠানে বক্তব্য দেন শফিকুর রহমান ট্রাস্ট ফান্ডের চেয়ারপারসন খন্দকার বজলুল হক, সমন্বয়ক সাব্বির আহমেদ প্রমুখ।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির বিষয়ে আতিউর রহমান বলেন, ‘একটা দুর্ঘটনা ঘটেছে বলেই প্রযুক্তি ব্যবহারে আমরা যেন অনীহা প্রকাশ না করি। প্রযুক্তি আমাদের লাগবে। গরুর গাড়ি থেকে যখন মোটরগাড়িতে চড়েছি, তখন হয়তো রেলে, এরোপ্লেনে চড়তে হবে। ভয় পেলে চলবে না। প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে।’

বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে রিজার্ভ চুরি ও আর্থিক খাতের অনিয়ম বিষয়ক প্রশ্নের উত্তরে আতিউর রহমান বলেন, ‘ব্যাংক খাতের সার্বিক স্বাস্থ্য আমার সময়ে ভালো ছিল। ব্যাংকের দেখভালের যে মাত্রা, এগুলোর প্রতিটি ক্ষেত্রে উন্নতি ঘটেছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও অন্তত তিনটি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, অনেক এমডির চাকরি গেছে, কেউ কেউ জেলেও গিয়েছেন। সুতরাং একেবারেই যে কিছু ঘটেনি, এটি বলা যাবে না। নিয়ন্ত্রণে কঠোর ছিলাম বলেই বিভিন্ন অনিয়মের খবর বেশি এসেছে।’

কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আতিউর রহমান বক্তৃতায় বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকতে হবে। ১০ টাকার ব্যাংক হিসাব, মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা (এমএফএস) থেকে শিক্ষা নিয়ে ভারত এখন ডিজিটাল আর্থিক লেনদেন ব্যবস্থায় অনেক এগিয়ে গেছে। কিন্তু আমরা এখন ইতস্তত করছি। ইতস্তত করার প্রয়োজন নেই, শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বক্তৃতায় আর্থিক অন্তর্ভুক্তিতে বাংলাদেশের বিভিন্ন সাফল্য তুলে ধরার পাশাপাশি অর্থনীতির জন্য বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন আতিউর রহমান। তিনি বলেন, প্রবৃদ্ধির তুলনায় বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়ছে না। ৮ শতাংশ প্রবৃদ্ধি চাইলে জিডিপির (মোট দেশজ উপাদন) অনুপাতে বিনিয়োগ ৩৪ শতাংশে নিতে হবে, এটি এখন ২৮ শতাংশে আছে।