কেবল সন্দেহজনক লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে
ব্যাংক, শেয়ারবাজার, বিমা, ক্ষুদ্রঋণসহ যেকোনো ক্ষেত্রে সন্দেহজনক লেনদেনের সব তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী এই তথ্য জমা নেবে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ)। লেনদেনে কোনো অসংগতি খুঁজে পেলে সে বিষয়ে ব্যবস্থা নিতে পারবে এফআইইউ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গতকাল বুধবার আর্থিক প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে এসব আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী, এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক, বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআরএর সদস্য নবগোপাল বণিক, যৌথ মুলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের প্রতিনিধি এবং সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, শেয়ারবাজারের সব লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে—সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে এসইসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়। জবাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, কোনো লেনদেন সন্দেহজনক মনে হলেই শুধু সেই তথ্য কেন্দ্রীয় ব্যাংকে স্থাপিত বিএফআইইউতে পাঠাতে হবে। শুধু শেয়ারবাজারের ক্ষেত্রে নয়, আর্থিক লেনদেন হয় এমন সব প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য হবে।বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা বলেন, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় থাকাটা আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি। এ কারণে সম্প্রতি একটি সমঝোতা সই হয়েছে। সমন্বয় তৈরির জন্য মাঝেমধ্যে এই বৈঠক হবে বলে তিনি জানান।