
কয়েক বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি গড়ে শতকরা ৭ ভাগের অধিক অর্জন করার লক্ষ্যে বাজেটে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়েছে। তার ফলে গত পাঁচ বছরে সরকারি ব্যয় চলতি বাজার মূল্যে গড়ে শতকরা ২০ ভাগ হারে প্রতিবছর বেড়েছে। কিন্তু গত তিন বছরে জিডিপির প্রবৃদ্ধির হার গড়ে শতকরা ৬ দশমিক ১২ ভাগ অর্জিত হয়েছে।
আগের ধারাবাহিকতায় এ বছরও একটি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হচ্ছে। আগামী ২০১৪-১৫ বাজেটে সরকারি ব্যয় বৃদ্ধির হার ধরা হয়েছে শতকরা ১৬ ভাগ এবং জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য শতকরা ৭ দশমিক ৩ ভাগে নির্ধারণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এ প্রচেষ্টার ফলাফল গত তিন বছরের ফলাফলের চেয়ে ভিন্ন হওয়ার সম্ভাবনা কতটুকু?
জিডিপির প্রবৃদ্ধির হার গত তিন বছর শতকরা ৬ ভাগের সামান্য বেশি হারে আটকে থাকার পেছনে প্রধান কারণ হচ্ছে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা। বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি গত তিন বছর ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে এবং জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগের স্থবিরতা। বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি গত তিন বছর ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে এবং জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পায়নি।
বেসরকারি বিনিয়োগকে চাঙা করার লক্ষ্যে এবারের বাজেটে বিভিন্ন ধরনের কর সুবিধা প্রস্তাব করা হয়েছে। এগুলো নিঃসন্দেহে বিনিয়োগের ব্যাপারে প্রণোদনা হিসাব কাজ করবে। কিন্তু বিনিয়োগ-পরিবেশ যদি উন্নত না হয় তাহলে বিনিয়োগ বৃদ্ধি যথেষ্ট হবে কি না, সে ব্যাপারে সন্দেহ থেকে যায়।
বেসরকারি বিনিয়োগ পরিবেশ সন্তোষজনক না হওয়ার পেছনে চারটি মূল কারণ চিহ্নিত করা যায়: ১. গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে ধীরগতি, ২. তরল জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে সীমিত অগ্রগতি ৩. বিনিয়োগের জন্য প্রয়োজনীয় জমির অভাব, এবং ৪. ব্যাংকিং খাতের হল-মার্ক পরবর্তী সংকট, বিশেষ করে অপরিশোধিত দায়দেনার বিষয় নিষ্পত্তি না হওয়ায় আন্তব্যাংক আস্থার অভাবের বিষয়।
বিদ্যুৎ ও গ্যাস খাতে বাজেটে যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে তা আগামী বছরে বিনিয়োগ-পরিবেশকে খুব একটা উন্নত করতে পারবে বলে মনে হয় না। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলেও আগামী বছর বিনিয়োগে তা খুব একটা প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। ব্যাংকিং খাতের সংকটের ব্যাপারটি অর্থমন্ত্রীর বক্তৃতায় একেবারেই স্থান পায়নি। তাই সার্বিকভাবে বিনিয়োগ-পরিবেশ উন্নত না হওয়ার কারণে আগামী বছর বেসরকারি বিনিয়োগের পরিমাণ যথেষ্ট হবে বলে মনে হয় না।
বড় কয়েকটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অর্থনীতিকে চাঙা করার চেষ্টাও বাজেটে রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা সেতু প্রকল্প। কিন্তু এ ক্ষেত্রে সফলতার প্রধান শর্ত হচ্ছে দক্ষতার সঙ্গে সময়মতো প্রকল্প বাস্তবায়ন করা। ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মেয়র হানিফ উড়ালসেতু ইত্যাদি বৃহৎ প্রকল্পের বাস্তবায়নের যে চিত্র আমরা দেখেছি তাতে এ ব্যাপারে আশান্বিত হওয়ার বড় কোনো কারণ থাকে না।
সংশোধিত বাজেটে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের যে চিত্র দেওয়া হয়েছে তা বাস্তবসম্মত বলে মনে হয় না। ২০১২-১৩ সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না বলে দাবি করা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১১ হাজার কোটি টাকা। এ বছরও প্রকৃত রাজস্ব আদায় সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে প্রায় ১৯ হাজার কোটি টাকা কম হবে বলে প্রতীয়মান হয়। এর ফলে আগামী বছরে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়াবে শতকরা ৩৩ ভাগে, যা অতীতের অভিজ্ঞতার আলোকে বেশ দুরূহ বলে মনে হয়। বাজেট ঘাটতি বেড়ে গেলে বৃহৎ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে সামষ্টিক অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি পাবে, যা প্রবৃদ্ধির ওপর বিরূপ প্রভাব ফেলবে।
গত কয়েক বছর রেমিট্যান্স-প্রবাহ অভ্যন্তরীণ চাহিদাকে চাঙা করে জিডিপির প্রবৃদ্ধিতে বড় একটি ভূমিকা রেখেছে। চলতি অর্থবছরে রেমিট্যান্স-প্রবাহে ঋণাত্মক প্রবৃদ্ধি একটি অশনিসংকেত। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি না হলে তা জিডিপির প্রবৃদ্ধিতে বিরূপ প্রভাব ফেলবে।
প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে সহায়ক রাজনৈতিক পরিবেশ। বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে এবং রাজনৈতিক অনিশ্চয়তা দূর করে একটি সহায়ক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের। সেটা করা সম্ভব না হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।
ড. জায়েদ বখ্ত: গবেষণা পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বিআইডিএস