কেবলই অজুহাত আর সময়ক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে না আসার নেপথ্যে একটি কথা প্রচলিত রয়েছে। আর সেটি হলো, আমলারা তাঁদের মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আসতে দিতে চান না। তাঁদের আশঙ্কা, এতে কোম্পানিগুলোর ওপর তাঁদের প্রভাব ও নিয়ন্ত্রণ কমে যাবে। ফলে শেয়ার ছাড়া নিয়ে মন্ত্রীরা যা-ই বলুন না কেন, আমলারা কেবলই অজুহাত তৈরি করেন। কাজটি আর করেন না। কথা আরও আছে। অধীনস্থ কোম্পানিগুলোর পর্ষদ সভায় অংশগ্রহণ, সম্মানী এবং গাড়ি ব্যবহারের সুবিধাও নেন আমলারা। এ কারণেও তাঁরা কোনো কোম্পানির শেয়ার ছাড়তে নারাজ। যোগাযোগ করলে বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আমলাদের বিরুদ্ধে প্রচলিত এসব কথা সঠিক নয়। বিশেষ করে সচিবেরা কখনোই পর্ষদ সভায় অংশ নেন না। সাবেক অর্থ উপদেষ্টা এবং এসইসির চেয়ারম্যান এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাজারের আকার এখন এত বড় হয়েছে যে ছয় মাসের মধ্যে সবগুলো কোম্পানি তালিকাভুক্ত হলেও এতে কোনো সমস্যা হবে না। গোড়ার কথা: সরকারি মালিকানাধীন কোম্পানির শেয়ার ছাড়ার উদ্যোগটি শুরু হয়েছিল ২০০৫ সালের আগস্ট মাস থেকে। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তখন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি সব মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করলেন এ নিয়ে। শেয়ারের সরবরাহ বাড়াতে হবে—এই যুক্তিতে কারও কোনো দ্বিমত ছিল না। সবার একই ভাষ্য, নতুন নতুন বিনিয়োগকারী ঢুকছেন বাজারে, সে তুলনায় শেয়ারের সরবরাহ কম। এই অবস্থা চলতে দেওয়া যায় না। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরাও সায় দিলেন এতে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছেড়ে দেওয়া হবে। এ জন্য ৬২টি কোম্পানি ও প্রতিষ্ঠানের একটি তালিকা করা হয় তখন। এর মধ্যে ২০০৬ সালে তালিকাভুক্ত হয় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড (পিজিসিবিএল) নামে দুটি কোম্পানি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম এবং ২০০৮ সালে তিতাস গ্যাস তালিকাভুক্ত হয়। অর্থাৎ পাঁচ বছরে মাত্র পাঁচটি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিগুলোর ৭০ থেকে ৭৫ শতাংশ শেয়ার অবশ্য এখনো সরকারের হাতেই।প্রতিষ্ঠান কমল, সময় বাড়ল: গত ১৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, শেয়ার ছাড়তে হবে এমন প্রতিষ্ঠানের সংখ্যা এখন ৩২টিতে নামিয়ে আনা হয়েছে। তার মধ্যে ছয়টিতে কিছু আইনি ঝামেলা রয়েছে। শেষ পর্যন্ত শেয়ার ছাড়তে হবে ২৬টি প্রতিষ্ঠানকে এবং ছাড়ার সময়সীমা পরবর্তী ছয় মাস। তবে শেয়ার ছাড়ার পূর্বশর্ত হিসেবে এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে করপোরেট কোম্পানিতে রূপান্তরিত হতে হবে। এ জন্য কাউকে চার মাস আবার কাউকে সর্বোচ্চ ছয় মাস সময় দেন অর্থমন্ত্রী।তবে জুনের মধ্যে তালিকাভুক্ত কোম্পানি বা তালিকাবহির্ভূত প্রতিষ্ঠান কেউই শেয়ার ছাড়তে পারেনি। অর্থ মন্ত্রণালয়ের কাছে আবারও ছয় মাস সময় বাড়ানোর আবেদন জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাড়িয়ে নিয়েছে এক বছর অর্থাৎ ২০১১ সালের জুন পর্যন্ত। ২৬ প্রতিষ্ঠানের মধ্যে নয়টিই হলো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বিদ্যুৎ বিভাগের দুটি। বাকি ১৫টি ছয় মন্ত্রণালয়ের। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের টালবাহানা: অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, শেয়ার ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি টালবাহানা করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এ বিভাগের আওতায় পদ্মা অয়েল একটি তালিকাভুক্ত কোম্পানি। এর রাইট শেয়ার ছাড়ার জন্য গত ১১ মে অর্থ মন্ত্রণালয় ১৪ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু জ্বালানি বিভাগ ২১ জুন এক পত্রে অর্থ মন্ত্রণালয়কে জানায়, এ অর্থ নিতে তারা রাজি নয়।বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের শেয়ার ছাড়তে হলে ‘কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং’ নামে একটি কোম্পানি গঠন করতে হবে। সব মিলিয়ে এর শেয়ার আগামী ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জ্বালানিসচিব জানিয়েছেন। জ্বালানি বিভাগ অর্থ বিভাগকে আরও জানিয়েছে, কোম্পানির জমি হস্তান্তর প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে লিকুইটিফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেডের (এলপি গ্যাস) শেয়ার ছাড়া সম্ভব হয়নি। আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও গ্যাস ট্রান্সমিশন কোম্পানির পর্ষদ সভায় শেয়ার ছাড়ার কার্যক্রম স্থগিত রাখা হয়। বর্তমানে অবশ্য ডিসেম্বরের কথা বলা হচ্ছে। জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস এবং রুরাল পাওয়ার কোম্পানিও ৪৯ শতাংশ করে এবং ডেসকো আরও ১৫ শতাংশ শেয়ার ছাড়ার জন্য সময় নিয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত। শ্রমিকদের বিরূপ প্রতিক্রিয়া তত্ত্ব: শেয়ার না ছাড়ার যুক্তি হিসেবে এ তত্ত্ব দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বিএনপির নেতৃত্বাধীন গত জোট সরকার আমল থেকেই শেয়ার ছাড়া নিয়ে বরাবরই নেতিবাচক অবস্থান শিল্প মন্ত্রণালয়ের। তখন অবশ্য শিল্পমন্ত্রী ছিলেন বর্তমানে কারাবন্দী জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী। কিন্তু বর্তমান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সময়েও অবস্থার উন্নতি হয়নি। গত ৪ মে শিল্প মন্ত্রণালয় এক চিঠিতে এই মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ অবস্থান অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ সম্পর্কে বলা হয়েছে, ২০১২ সালের মধ্যে সিডান গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আর চিটাগাং ড্রাইডককে লাভজনক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় শেয়ার ছাড়লে শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এ ছাড়া জিইএম কোম্পানি এবং বাংলাদেশ ব্লেড কারখানাকে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুঞ্জীভূত লোকসানের কারণে কর্ণফুলী পেপার মিলস, বাংলাদেশ ইন্স্যুলেটর ও সেনিটারি ওয়্যার এবং ছাতক সিমেন্ট কারখানার শেয়ার ছাড়ার বিপক্ষে মত দিয়েছে খোদ এসইসি। শিল্প মন্ত্রণালয় বলছে, এগুলো লাভজনক করার একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। আর উসমানিয়া গ্লাস, এটলাস বাংলাদেশ, ন্যাশনাল টিউবস এবং ইস্টার্ন কেব্লসের বিষয়ে মামলা থাকায় এগুলোর শেয়ার ছাড়ার বিষয় আপাতত স্থগিত রাখা হয়েছে। ক্রমাগত লোকসান দেওয়ায় ১৩টি চিনিকলকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা পুনর্বিবেচনার আবেদন জানায় শিল্প মন্ত্রণালয়। বঙ্গবন্ধু সেতুর বন্ড ছাড়ার কার্যক্রম স্থগিত: যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের অন্তর্গত বঙ্গবন্ধু সেতু। এর ভবিষ্যৎ টোল আয়ের বিপরীতে বন্ড ছাড়ার কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে। যোগাযোগ মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, এসইসি, আইসিবি ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি করা হয়। সেই কমিটি একটি প্রতিবেদন তৈরি করে সেতু বিভাগে পাঠালেও তা পড়ে রয়েছে এক বছর। গত ৯ সেপ্টেম্বর সেতু বিভাগ এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়কে জানায়, বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের বিপরীতে বন্ড ছাড়ার কার্যক্রম পর্ষদ সভায় স্থগিত হয়ে গেছে। বরং পদ্মা সেতু বাস্তবায়নে অর্থের ঘাটতি হলে বন্ড ছাড়ার বিষয়ে ভাবা যাবে। সোনারগাঁও-শেরাটন যাবে আইপিওতে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এ দুই হোটেল। হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (সোনারগাঁও হোটেল) এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (শেরাটন হোটেল)। পর্যটনসচিব শফিক আলম মেহেদী আন্তমন্ত্রণালয় সভায় জানিয়েছিলেন, মূলধন পুনর্মূল্যায়ন করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেরাটনের শেয়ার ছাড়া হবে বাজারে। এজন্য চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। সোনারগাঁওয়ের ক্ষেত্রেও তা-ই। তবে সোনারগাঁওয়ের ভূমি নিয়ে কিছুটা সমস্যা রয়েছে বলে শেয়ার ছাড়তে সমস্যা হচ্ছে। গত ২১ জুন এক চিঠিতে উভয় হোটেলের শেয়ার ছাড়ার জন্যই ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে। সবুজ সংকেতের অপেক্ষায়: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাভুক্ত কোম্পানিগুলো হচ্ছে টেলিটক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ কেব্ল শিল্প সংস্থা এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, টেলিটকের অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন ৬৪৩ কোটি টাকা। প্রতিষ্ঠার পর ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো তারা লাভের মুখ দেখেছে। ইতিমধ্যে শেয়ার ছাড়ার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিটিসিএলের অনুমাদিত মূলধন ১৫ হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন এক হাজার ৮০০ কোটি টাকা। জনবলসংক্রান্ত কিছু জটিলতা নিষ্পত্তির পরই এর শেয়ার ছাড়া হবে। বাংলাদেশ কেব্ল শিল্প সংস্থার অনুমোদিত মূলধন ১২ কোটি টাকা আর পরিশোধিত মূলধন ছয় কোটি ৩২ লাখ টাকা। অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। টেলিফোন শিল্প সংস্থার অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন আট কোটি ৬৮ লাখ টাকা। তবে পরিশোধিত মূলধন ৫১ কোটি টাকায় উন্নীত করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই এ চার কোম্পানির শেয়ার ছাড়ার অবস্থা হবে বলে অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সবুজ সংকেত ছাড়া এই মন্ত্রণালয়ের কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়া হবে না বলে কর্মকর্তারা মনে করেন।এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কোম্পানি হচ্ছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। কিন্তু এর শেয়ার ছাড়ার কার্যক্রমে কোনো অগ্রগতি নেই। আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্ত থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ‘এ কোম্পানিটির শেয়ার ছাড়ার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ সমীচীন হবে।’ আর নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার ছাড়া হবে দ্বিতীয়বারের মতো আইপিওর মাধ্যমে। লোকসানি প্রতিষ্ঠান হওয়ায় এর শেয়ার ছাড়ার কার্যক্রম দেরি হচ্ছে।অর্থমন্ত্রী অবশ্য সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন তিনি। মন্ত্রণালয়গুলোর অনীহা ও কালক্ষেপণের কথা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাজারে শেয়ারের সরবরাহ বাড়াতে সরকারি কোম্পানির পাশাপাশি বেসরকারি খাতকেও আকর্ষণ করার বিধিবিধান প্রণয়ন করতে হবে।