কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীর কাছে বাজেটের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল। তাঁদের মূল্যায়ন এখানে তুলে ধরা হলো
কেমন হলো বাজেট
১: বাজেটের ভালো দিকগুলো।
২: বাজেটের দুর্বল দিকগুলো।
৩: বাজেটে যাঁরা বেশি তুষ্ট হবেন।
৪: বাজেটে যাঁরা বেশি অখুশি হবেন।

মীর নাসির হোসেন: সাবেক সভাপতি, এফবিসিসিআই
৬/১০
* এডিপিতে এ বছর অবকাঠামো ও যোগাযোগব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তার পরই বিদ্যুৎ জ্বালানি খাত। বিদ্যুৎ খাতে কমিয়ে কৃষি খাতে ভর্তুকি বাড়ানো এবং সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর উদ্যোগও ভালো।
* বাজেটের অর্থায়ন ও বাস্তবায়নই সবচেয়ে দুর্বল দিক। এই বাজেট বাস্তবায়নের সঙ্গে যুক্ত হবে তিনটি সরকার। তাই এটির বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদেশি সহায়তা পাওয়া নিয়েও সন্দেহ রয়েছে।
* বাজেটে নির্বাচনের প্রভাব রয়েছে। সবাইকে খুশি রাখার চেষ্টা করা হয়েছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক কমানো, কর অবকাশের মেয়াদ বৃদ্ধি ও বিনিয়োগের কিছু ক্ষেত্রে কর রেয়াত সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
* অখুশি নয়, বিনিয়োগ নিয়ে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে।

তৌফিক আহমদ চৌধুরী: সাধারণ সম্পাদক, অর্থনীতি সমিতি
৬.৫/১০
* মোটের ওপর ভালো লেগেছে এবারের বাজেট। চার বছরে কী কী করা হয়েছে বা কী কী করা হয়নি, তার একটি বিবরণ রয়েছে বাজেটে। কৃষিতে ভর্তুকিসহ আমরা যা যা বলেছিলাম, তা-ও বাজেটে আছে।
* অর্থবাজার চাঙা করতে আসল জায়গায় হাত দেয়নি সরকার। তা ছাড়া ফ্ল্যাটের দাম কমার একটা সম্ভাবনা ছিল। আবাসন খাতে কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে সেই সম্ভাবনাটাও নষ্ট করে দেওয়া হলো।
* খুশি হবেন কৃষকেরা। কৃষি খাতে ভর্তুকিসহ অন্যান্য সুবিধা বহাল আছে। মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামালের শুল্ক কমানোয় শিল্পোদ্যোক্তারা খুশি হবেন। আর খুশি হবেন কালোটাকার মালিকেরা
* আমরা যারা একটি সুন্দর সমাজ চাই, এই বাজেটে সবচেয়ে অখুশি হব তারা। কারণ, একটি সুন্দর সমাজ গঠনের আকাঙ্ক্ষা ও সেই সমাজ গঠনের রূপরেখা এই বাজেটে মোটের ওপর অনুপস্থিত।

ফজলুল হক: সভাপতি, এমপ্লয়ার্স ফেডারেশন
৬/১০
* ভালো কিছু প্রত্যাশা ও প্রত্যয়ের কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর সেই সাহসটা ভালো লেগেছে। তা ছাড়া সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ, রপ্তানি খাতে ভর্তুকি, বিনিয়োগ প্রণোদনা ইত্যাদি এবারের বাজেটের ভালো দিক।
* প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ ধরা হলেও এর কোনো শক্ত ভিত্তি নেই। পদ্মা সেতু নিয়ে বিস্তারিত কোনো কথা অনুপস্থিত। শ্রমিকদের নিরাপত্তার জন্য নরওয়ে, ইংল্যান্ড অনুদান দিচ্ছে, কিন্তু সরকারের কোনো প্রতিশ্রুতি নেই।
* রাজনীতিবিদেরা তুষ্ট হবেন বেশি। কারণ, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বরাদ্দগুলো তাঁদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। শিল্পমালিকেরাও তুষ্ট হতে পারেন, কারণ কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছে।
* আমজনতা এই বাজেটে খুশি হতে পারেন না। বার্ষিক মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার কথা বলেছেন অর্থমন্ত্রী। কিন্তু কীভাবে আনবেন? কষ্টকর জীবনযাত্রা থেকে বের হয়ে আসার দিকনির্দেশনা নেই।

আতিকুল ইসলাম: সভাপতি, বিজিএমইএ
৬/১০
* রপ্তানিতে উৎস কর আগের মতো অর্থাৎ শূন্য দশমিক ৮০ শতাংশ রাখা সবচেয়ে ভালো দিক। তা ছাড়া অগ্নিনিরাপত্তা যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হ্রাসের বিষয়টি ইতিবাচক। অবশ্য এবারের বাজেট চ্যালেঞ্জিং।
* জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শিল্পায়ন করতে হবে। কিন্তু বৃহত্তম শিল্প পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের প্রশিক্ষণের জন্য কোনো বরাদ্দ নেই। তা ছাড়া শ্রমিকদের রেশনিং নিয়ে কিছু না থাকাটাও খারাপ দিক।
* যাঁরা কালো টাকার মালিক তাঁরা তুষ্ট হবেন।
* খুব সহজ কথা। বাজেটের বিভিন্ন সিদ্ধান্ত যাঁদের স্বার্থবিরোধী হবে, তাঁরাই অখুশি হবেন। তবে বাজেট বাস্তবায়নে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন। অন্যথায় আমরা চ্যালেঞ্জে হেরে যাব।

নাজনীন আহমেদ: জ্যেষ্ঠ গবেষক, বিআইডিএস
৭/১০
* বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে, নানা প্রণোদনা দেওয়া হয়েছে। এটা অবশ্যই খুব ভালো দিক এই বাজেটের। সরকার বিদেশি ঋণের জন্য উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটিও প্রয়োজন ছিল।
* বিদ্যুৎ-জ্বালানির বিষয়ে অর্থমন্ত্রী পাশ কাটিয়ে গেছেন। ভর্তুকিজনিত বিষয়টি উপেক্ষিত থেকেছে। অথচ বিদ্যুতের ভর্তুকির বিষয়টি উদ্বেগজনক। এটা অর্থনীতিতে চাপ তৈরি করেছে।
* ব্যবসায়ীরা সবচেয়ে বেশি খুশি হবে। শেয়ারের বিনিয়োগকারীরাও খুশি হবেন।
* সাধারণ মানুষ এই অর্থে অখুশি হতে পারে যে তাদের জন্য সরাসরি কোনো কিছু নেই। তবে নির্বাচনী বছরে সরকারকে অনেক কিছু করতে হয়।