কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন হচ্ছে ২৭ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৭ বছর পর বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন হচ্ছে। আগামী শুক্রবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমিতির কমিটি ৩৯ জনের। এর মধ্যে ১ জন সভাপতি, ৪ জন সহসভাপতি ও ৩৪ জন সদস্য। কমিটির মেয়াদ ২ বছর (২০১৬-১৮)।

নির্বাচন করে দিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের এক পূর্ণাঙ্গ বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক (ডিটিও) আবদুল মান্নানকে সমিতিটির প্রশাসক নিয়োগ করে। গত ১১ মে ডিটিও আবদুল মান্নানকে ৯০ দিনের মধ্যে নির্বাচনটি করে দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে বলা হয়, ডিটিও আবদুল মান্নান বদলি হয়ে অন্যত্র চলে গেলেও তিনিই নির্বাচনটি করে দেবেন।

নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে মন্ত্রণালয়ের ৬৬ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিয়েছে সরকার। তাঁরা প্রিসাইডিং, ডেপুটি প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে কাজ করবেন। সমিতির ভোটার ৪ হাজার ৩০২ জন থাকলেও কিছু ভোটার বাতিল হয়েছেন। বর্তমান ভোটার ৪ হাজার ২৮৭ জন।

নির্বাচনে তিনটি পরিষদ অংশ নিচ্ছে। এগুলো হচ্ছে সাদেকুর রহমান পরিষদ, এস এম অহিদুজ্জামান পরিষদ এবং শেখ ইউনুস আহমেদ পরিষদ। নামের আগে পরিষদ থাকা তিনজনই সভাপতি পদে নির্বাচন করছেন। এ ছাড়া সভাপতি পদে পরিষদভুক্ত না হয়ে এককভাবে নির্বাচন করছেন মো. শমসের আলম ভুঁইয়া।

জানা গেছে, ২৭ বছর ধরে সভাপতি হয়ে আছেন সাদেকুর রহমান। তিনি এবারও সভাপতি পদে দাঁড়িয়েছেন। এই পদে থেকে তিনি একসময় নারায়ণগঞ্জের সোনারগাঁর মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, পরে সোনারগাঁ পৌরসভার মেয়রও হয়েছেন।

যোগাযোগ করলে ডিটিও আবদুল মান্নান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সমিতির নির্বাচনটি করে দেওয়ার জন্য আদালতের নির্দেশটি একটি বিরল নির্দেশ। এই নির্দেশেই নির্বাচনটি হচ্ছে। আর নির্বাচন শেষে নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দিয়েই আমি প্রশাসক পদ থেকে বিদায় নেব।’