কেরানীগঞ্জে জিনস প্যান্ট বিক্রির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে একটি দোকানে জিনসের প্যান্ট বেচাকেনা l প্রথম আলো
কেরানীগঞ্জে একটি দোকানে জিনসের প্যান্ট বেচাকেনা l প্রথম আলো

ঈদ সামনে রেখে জিনস প্যান্ট বিক্রির ধুম পড়েছে কেরানীগঞ্জের পোশাকপল্লিতে। প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত এখানে ভিড় করছেন সারা দেশের ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাস খানেক আগে থেকেই জিনসের মার্কেটগুলো চাঙা হয়ে উঠেছে। শবে বরাতের পর থেকেই ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এখানে কেনাকাটা করতে আসেন। আর ঈদকেন্দ্রিক এই বেচাবিক্রি চলবে ২৫ রোজা পর্যন্ত। দেশের চাহিদার প্রায় ৭০ ভাগ জিনস প্যান্ট যায় কেরানীগঞ্জের এই গার্মেন্টসপল্লি থেকে।
এখানে জিনস প্যান্টের বিক্রয়কেন্দ্র আছে চার হাজারের মতো। এসব দোকানে প্যান্টের জোগান দিতে আছে ৭০০ থেকে ৮০০ কারখানা। অবশ্য শুধু জিনস প্যান্ট নয়, এখানে টি-শার্ট, শার্ট, গেঞ্জি, থ্রিপিস, পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক, আন্ডারগার্মেন্টসসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি এবং বিক্রি হয়। আর এসবের জন্য আছে আলাদা কারখানা ও বিক্রয়কেন্দ্র। সব মিলিয়ে কেরানীগঞ্জে ক্ষুদ্র ও মাঝারি কারখানার সংখ্যা আট হাজার ও বিক্রয়কেন্দ্র আছে ছয় হাজার। আর এতে কর্মসংস্থান হয়েছে দুই লাখ মানুষের।
একসময় কেরানীগঞ্জের পূর্ব আগানগর, কালীগঞ্জ, খেজুরবাগ ও কৈবর্ত্যপাড়া ছিল জিনস প্যান্ট তৈরির কারখানা। তবে দিন দিন চাহিদা বাড়ায় কেরানীগঞ্জের চর-খেজুরবাগ, চর-কালীগঞ্জ, চরকুতুব, চুনকুটিয়া, শুভাঢ্যা, বাঘাবাড়ি, ইস্পাহানি ও নতুন শুভাঢ্যা এলাকায় কারখানা ছড়িয়ে পড়েছে। এসব কারখানায় তৈরি প্যান্টগুলো সর্বনিম্ন²১১০ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পাইকারি দামে বিক্রি হয়।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘পণ্যের মান ভালো ও কম দামের কারণে এ এলাকার পোশাক ব্যবসা বাড়ছে।’ একেকটি প্যান্টে কত মুনাফা হয়, সে বিষয়ে তিনি জানান, ১০০ থেকে এক হাজার টাকার প্যান্টে গড়ে ৪০-৫০ টাকা, এক থেকে দুই হাজার টাকার প্যান্টে ১১০-১৫০ টাকা এবং দুই হাজার টাকার ওপরের প্যান্টে ২০০-২৫০ টাকা।
সমিতির একাধিক নেতা বলেন, বছরের অন্য সময় প্রতিদিন ২৫০ থেকে ৩০০ ক্রেতা কেরানীগঞ্জে এলেও রমজানে সে সংখ্যা আট থেকে ১০ হাজারে গিয়ে দাঁড়ায়। আর সারা বছর ৫০ থেকে ৬০ কোটি টাকার জিনস প্যান্ট বিক্রি হলেও বছরের এই সময়ই হয় এক শ কোটি টাকার বেশি।
জানতে চাইলে পূর্ব আগানগরের আশা কমপ্লেক্সের কদম চান প্যান্ট হাউসের পরিচালক মো. সোহেল বলেন, ‘ঈদ উপলক্ষে রমজানের শুরুতে আমাদের এখানে জিনস প্যান্টের বাজার জমে উঠেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লিতে পাইকারি প্যান্ট কিনতে আসছেন। কারণ সব শ্রেণি-পেশার মানুষের কথা মাথায় রেখেই এখানে জিনস প্যান্ট তৈরি হয়।’
বরিশাল থেকে পাইকারি ব্যবসায়ী মো. বশির হাওলাদার বলেন, ‘কেরানীগঞ্জের জিনস প্যান্ট দামে কম হলেও মানের দিক দিয়ে সেরা। অনেক বছর ধরে এখান থেকে জিনস প্যান্ট কিনে নিয়ে খুচরা বিক্রি করি। কারণ লাভ বেশ ভালো হয়।’
নুর জেনারেল গার্মেন্টসের স্বত্বাধিকারী সেলিম আহমেদ দাবি করে বলেন, ‘বিশ্বের নামীদামি কোম্পনির মতো একই মানের প্যান্ট এখানে প্রস্তুত হচ্ছে। কিন্তু দাম অনেক কম।’ তিনি বলেন, এখানে আমেরিকান লি লেভিজ ও ডিজেল, ইতালির ভারসেস ও আরমানি, চীন কসমো, টিভি লেভেল, পিয়ারিম্যান ও লুসিলংসহ বিভিন্ন ব্র্যান্ডের জিনস প্যান্ট তৈরি হচ্ছে।