কেরানীগঞ্জে নতুন বিদ্যুৎকেন্দ্র হচ্ছে
কেরানীগঞ্জে সম্প্রতি ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ইউরোপীয় প্রযুক্তিতে স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে ২০১১ সালের এপ্রিলে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে উদ্যোক্তারা আশা করছেন।পাওয়ারপ্যাক-মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড নামের এই প্রকল্পটিতে ব্যয় হবে প্রায় ৭০০ কোটি টাকা। বাংলাদেশি কোম্পানি পাওয়ারপ্যাক ও মালয়েশীয় প্রতিষ্ঠান মুতিয়ারা যৌথ উদ্যোগে এই প্রকল্প স্থাপন করছে। এটি হবে একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র। এতে জ্বালানি হিসেবে ফার্নেস ওয়েল ব্যবহার করা হবে। পাওয়ারপ্যাক-মুতিয়ারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, শিকদার গ্রুপের চেয়ারম্যান জেড এইচ শিকদার, স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপু, পাওয়ারপ্যাকের চেয়ারম্যান রিক হক শিকদার, ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার এবং জেড এইচ শিকদার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা শিকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার যে রোডম্যাপ ঘোষণা করেছে, তাতে বাংলাদেশ খুব দ্রুতই বিদ্যুৎ-সংকট কাটিয়ে উঠতে পারবে।নসরুল হামিদ বিপু বলেন, চলমান বিদ্যুৎ-সংকট নিরসনে এই প্রকল্পটি মাইলফলক হয়ে থাকবে।জেড এইচ শিকদার বলেন, দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি পূরণে এই বিদ্যুৎকেন্দ্রটি কার্যকর অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।