সারা দেশে যখন তৈরি পোশাকশিল্পে উত্তেজনা-অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক সেই সময় ঢাকার কেরানীগঞ্জে তৈরি পোশাকশিল্প বেশ রমরমা হয়ে উঠেছে। রোজার ঈদ সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে এখানকার পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলো।সরেজমিন পরিদর্শনে কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলোতে ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। আলাপকালে স্থানীয় ব্যবসায়ীরা প্রথম আলোকে জানান, বছরজুড়ে কেরানীগঞ্জের তৈরি পোশাকের চাহিদা থাকে। তবে রোজার ও কোরবানির ঈদ আর শীত মৌসুমে চাহিদা বেড়ে দ্বিগুণ হয়। সে অনুযায়ী ঈদ সামনে রেখে এবার তাঁরা অনেক আগে থেকেই গত বছরের তুলনায় দ্বিগুণ লক্ষ্যমাত্রা নিয়ে পোশাক তৈরির কাজ শুরু করেছেন।কেরানীগঞ্জ তৈরি পোশাক ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন খান প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহ থেকে আমাদের গার্মেন্টস পল্লিতে তৈরি পোশাকের বাজার জমে উঠেছে। আশা করছি, এবারের ঈদ মৌসুমে ১০০ কোটি টাকার বেশি বিক্রি হবে।’ ব্যবসায়ীদের দাবি, স্বল্প মূল্য ও মানের দিক থেকে উন্নত হওয়ায় দেশের অধিকাংশ অঞ্চলের ব্যবসায়ীরা কেরানীগঞ্জ থেকে তৈরি পোশাক কিনে নেন। মাগুরা সদর থেকে আসা তৈরি পোশাক ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন জানান, প্রতিবছর ঈদ ও পূজার মৌসুমে তাঁরা কেরানীগঞ্জ থেকে তৈরি পোশাক কিনে নেন। কারণ, এখানে স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে ধনাঢ্য ব্যক্তিদের চাহিদা অনুযায়ী পোশাক পাওয়া যায়। মিম প্যান্ট হাউসের মালিক মিঠু পারভেজ জানান, ক্রেতাদের চাহিদার দিকে লক্ষ রেখে তাঁরা এবারের ঈদে চীন ও থাই মডেলের নতুন ডিজাইন ও উন্নত মানের প্যান্ট বাজারজাত করতে যাচ্ছেন। এসব প্যান্টের দাম হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা। একই ধরনের প্যান্ট অন্য জায়গায় দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়। লি ফ্যাশনের ব্যবস্থাপক ছাত্তার জানান, গত ঈদে তাঁদের বিক্রির লক্ষ্যমাত্রা ছিল এক কোটি টাকা, যা এবার তাঁরা দেড় থেকে দুই কোটি টাকা হবে বলে আশা করছেন।কালীগঞ্জ চৌধুরী নগর এলাকার নূর সুপার মার্কেটের মায়ের দোয়া দোকানের মালিক মো. শরিফুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে থেকেই তাঁরা লক্ষ্যমাত্রা অনুযায়ী জিনসের প্যান্ট ও শার্ট তৈরি করতে শুরু করেছেন।পূর্ব আগানগর এলাকার সালাম মার্কেটের শিকদার প্যান্ট হাউসের ব্যবস্থাপক লাভলু শিকদার জানান, গত বছর চায়না প্যান্টের চাহিদা ছিল। তবে এবার দেশি প্যান্টের চাহিদা বেশি। এদিকে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যায় কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। তাঁদেরই একজন খাজা কালেকশনের মালিক মোজাম্মেল হোসেন খান জানান, লোডশেডিং আর গ্যাসের সমস্যার কারণে তাঁরা ঠিকমতো কাজ করতে পারছেন না।মো. মিলন খান ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, বিদ্যুৎ সমস্যার সমাধান ও কালীগঞ্জে একটি ফায়ার সাবস্টেশন স্থাপনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর ও চরকালীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ হাজার পোশাক কারখানা ও বিপুলসংখ্যক শপিং মল গড়ে উঠেছে। আর এ শিল্পে জড়িত আছে প্রায় তিন লাখ মানুষ।