কেরানীগঞ্জে শীতবস্ত্রের পাইকারি বাজার এখন জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর গার্মেন্টসপল্লিতে শীতবস্ত্রের কেনাবেচা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর গার্মেন্টসপল্লিতে শীতবস্ত্রের কেনাবেচা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

শীত আসতেই ঢাকার কেরানীগঞ্জের গার্মেন্টস বা পোশাকপল্লিতে শীতবস্ত্রের পাইকারি বাজার জমে উঠেছে। এখান থেকে প্রতিদিন বিভিন্ন রং ও নকশার বিপুল পরিমাণ শীতবস্ত্র রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের অভিজাত বিপণিবিতান ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ দোকানগুলোতে সরবরাহ হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কেরানীগঞ্জে তৈরি শীতবস্ত্রের গুণগত মান ও দাম দুটোই ভালো হওয়ায় সারা দেশ থেকে পাইকারি ক্রেতারা ছুটে আসছেন। তাঁরা জানান, এখানে বছরজুড়েই নানা ধরনের পোশাকের ব্যবসা চললেও বিশেষ করে শীতকাল, দুই ঈদ ও দুর্গাপূজার সময়েই বেশি বিক্রি হয়ে থাকে। সে অনুযায়ী এই শীতে এখানকার প্রায় ১০ হাজার পাইকারি দোকানে হাজার কোটি টাকার শীতবস্ত্র বিক্রি হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।
গতকাল শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের গার্মেন্টস-পল্লির কালীগঞ্জ, পূর্ব আগানগর ও শুভাঢ্যা এলাকা ঘুরে দেখা গেছে, কারখানায় শ্রমিক-কারিগরেরা এবং দোকানে মালিক-বিক্রয়কর্মীরা বিক্রির কাজে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
দেশের নানা অঞ্চল থেকে আসা পাইকারেরা কেরানীগঞ্জের তৈরি পোশাকের প্রশংসায় পঞ্চমুখ। ঈশ্বরদী সদরের ব্যবসায়ী ইমান হোসেন জানান, তিনি প্রতিবছরই ঈদ, পূজা ও শীত মৌসুমে কেরানীগঞ্জের গার্মেন্টস-পল্লি থেকে পাইকারি দরে পোশাক কিনে নেন। এর বড় কারণ হলো, এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষের শীতের পোশাক পাওয়া যায়।
বরিশাল থেকে আসা সেলিম মোল্লা বলেন, ‘প্রতিবছর শীত মৌসুমে এখানে পোশাক কিনতে আসি। এখানকার শীতবস্ত্র দামে কম। আবার তৈরিও হয় বিদেশি পোশাকের আদলে।’
বিক্রেতা প্রতিষ্ঠান এল বি ফ্যাশনের মালিক মো. আসাদ খান বলেন, ‘মূলত শীতকাল ও ঈদ উৎসবই আমাদের সবচেয়ে বড় মৌসুম। এবারে শীত একটু দেরিতে আসায় বাজার জমতেও দেরি হয়েছে।
খাজা সুপার মার্কেটের ওমর ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. নুরুল আমিন জানান, দেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় এই বাজারে চলতি মৌসুমে ব্যবসা অনেকটা নির্বিঘ্ন হচ্ছে। কারণ, বিগত বছরগুলোতে বিদ্যুৎ সমস্যায় তাঁদের অনেক সমস্যায় পড়তে হতো। কিন্তু এবার কেরানীগঞ্জে লোডশেডিং কম হওয়ায় তেমন সমস্যা নেই। ফলে তাঁদের উৎপাদন আগের বছরগুলোর তুলনায় বেড়েছে। তাই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যাচ্ছে।
নুরুল আমিন জানান, এবারে ছেলেদের স্যুট-কোর্ট, ব্লেজার ও সোয়েটারের পাশাপাশি মেয়েদের জন্যও রয়েছে বাহারি ডিজাইন বা নকশায় তৈরি প্রায় সব ধরনের শীতকালীন পোশাক। এর মধ্যে ছেলেদের ‘কিংডম সোয়েটার’-এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে মেয়েদের ‘সক্রিন পাং, লং পাং, কার্ডিগান, শর্ট ব্লেজার ও কটি সোয়েটার’।
এঞ্জেল ফ্যাশনের পরিচালক মো. সাকিল বলেন, ‘কেরানীগঞ্জে যেকোনো রুচিশীল তৈরি পোশাক অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। তাই পাইকারদের বিভিন্ন পণ্যের জন্য তেমন ঘোরাঘুরি করতে হয় না। এ ছাড়া রাজধানীর মতো এখানে যানজটও নেই। ফলে কেনাকাটা করে পাইকারেরা সহজেই নিজ নিজ গন্তব্যে ফিরতে পারেন। এসব কারণে ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের পাইকারদের কাছে দিন দিন আমাদের তৈরি পোশাকের কদর বৃদ্ধি পাচ্ছে।’