দর্শনা চিনিকল হিসেবে পরিচিত চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মিলগেটে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫৩ টাকায়। অথচ চিনিকল এলাকার বাসিন্দারা এই চিনি স্থানীয় বাজার থেকে কিনছেন ৭৩ থেকে ৭৫ টাকা কেজি দরে। মাঝখান থেকে মোটা অঙ্কের লাভের টাকা চলে যাচ্ছে ডিলার ও খুচরা বিক্রেতাদের পকেটে। গতকাল রোববার দর্শনা বাজারের খুচরা দোকানগুলোতে প্রতি কেজি চিনি ৭২ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কেরু অ্যান্ড কোম্পানি সর্বশেষ উ ৎ পাদন মৌসুমে সাত হাজার মেট্রিক টন চিনি উ ৎ পাদন করে। গত ৩০ জুন কোম্পানির গুদামে মজুদ ছিল তিন হাজার ১৫৫ মেট্রিক টন। আর গতকাল রোববার (২৪ জুলাই) পর্যন্ত বিক্রি হয়েছে ২৬৩ মেট্রিক টন। কেরু অ্যান্ড কোম্পানি থেকে মাত্র ৫০০ গজ দূরেই দর্শনা বাজারের ডিলার আবদুল খালেক প্রথম আলোকে জানান, দর্শনায় কোনো চিনির সংকট নেই। চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা যে ১০ জন ডিলার নিয়োগ করেছে, তাঁদের সাতজনই এই দর্শনা শহরের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার জানান, চিনি ও খাদ্য শিল্প সংস্থা গত মে মাসে তালিকাভুক্ত ডিলারদের এক গ্রাম চিনিও দেয়নি। আবার জুন মাসে দিয়েছে ডিলারপ্রতি মাত্র ২৫০ কেজি করে। তাই বিক্রেতারা বেসরকারি চিনিকলগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে সংকট দেখা দিয়েছে। তবে আরেকজন ডিলার বলেন, বছরের বেশির ভাগ সময় চিনির চাহিদা থাকে না। তখন লোকসান দিয়ে হলেও লাইসেন্স টিকিয়ে রাখতে হয়। তাই রমজানের আগে চাহিদা বাড়লে দামও বেড়ে যায়।