কোকা-কোলা বোতলজাত পানি নিয়ে এল

কোকা-কোলা কোম্পানি তাদের বোতলজাত পানীয় জলের ব্র্যান্ড কিনলে নিয়ে এসেছে বাংলাদেশের বাজারে। প্রাথমিকভাবে রাজধানী ঢাকাতেই বাজারজাত করা হবে কিনলে। এরপর ক্রমান্বয়ে সারা দেশে বাজারজাত করা হবে এ পানি। প্রতিটি ৫০০ এমএল বোতলে বাজারজাত এ পানি বিক্রি হবে ১৫ টাকা দামে। এটি দেশের ছোট-বড় সব ধরনের মুদিদোকান, ডিপার্টমেন্ট স্টোর ও হোটেল-রেস্তোরাঁয় পাওয়া যাবে।
রাজধানীতে গতকাল সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ পানির বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান, কোকা-কোলার ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার মহাব্যবস্থাপক আম্বুজ দেও সিং, ইন্টারন্যাশনাল বেভারেজ লিমিটেডের এমডি তাপস কুমার মণ্ডল এবং আবদুল মোনেম লিমিটেডের পরিচালন-প্রধান গাজী এম শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
শাদাব আহমেদ খান বলেন, ‘এ অঞ্চলে কিনলে একটি বিশ্বস্ত ব্র্যান্ড। বাংলাদেশের জনগণের জন্য এ পণ্যটি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কারণ বাংলাদেশের বাজারে বর্তমানে বোতলজাত খাবার পানির ব্যবসায় দ্রুত বিকশিত হচ্ছে।’ বিজ্ঞপ্তি।