কোনো টাকা খরচ করতে পারেনি তিন মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নয়টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের জন্য এ বছর বরাদ্দ রয়েছে প্রায় ৪০৫ কোটি টাকা। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এক টাকা খরচ করতে পারেনি মন্ত্রণালয়টি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পে বরাদ্দ রয়েছে ১০০ কোটি টাকা। এটি এখনো কোনো টাকা খরচ করতে পারেনি। জনপ্রশাসন মন্ত্রণালয়েরও একই অবস্থা। দুই প্রকল্পের অনুকূলে ৬৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও কোনো টাকা খরচ হয়নি। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ তিন মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন হার শূন্য।
এডিপির হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
আইএমইডির তথ্য অনুযায়ী, বরাদ্দের ১ বা ১ শতাংশের কম টাকা খরচ করেছে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) দশমিক ২৪ শতাংশ এবং পানিসম্পদ মন্ত্রণালয় দশমিক ২৮ শতাংশ খরচ করেছে। ১ শতাংশ টাকা খরচ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি; শিল্প; খাদ্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রথম প্রান্তিকে সব মিলিয়ে এডিপির মাত্র ৭ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবছরের একই সময়ে ৯ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। টাকার অঙ্কে গত জুলাই-সেপ্টেম্বর সময়ে চলতি এডিপির ৬ হাজার ৮০৬ কোটি টাকা খরচ হয়েছে।
প্রথম প্রান্তিক হিসাবে, ২০১৩-১৪ অর্থবছরে ১০ শতাংশ, ২০১২-১৩ অর্থবছরে ১৩ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ১১ শতাংশ ও ২০১০-১১ অর্থবছরে ৯ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৯৭ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ সব মিলিয়ে ১ লাখ ৯৯৭ কোটি টাকার এডিপি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে স্থানীয় উৎস থেকে সাড়ে ৬২ হাজার কোটি টাকা এবং বিদেশি সহায়তা হিসেবে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা পাওয়া যাবে। আর বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে দেবে ৩ হাজার ৯৯৭ কোটি টাকা।
আশঙ্কার বিষয় হলো আবার এডিপিতে বিদেশি সহায়তা ব্যবহার কমে গেছে। প্রথম প্রান্তিক বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত তিন বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বিদেশি সহায়তা ব্যবহার করা হয়েছে। আলোচ্য সময়ে এবার ১ হাজার ৬০১ কোটি টাকার সমপরিমাণ বিদেশি সহায়তা খরচ হয়েছে। আগের দুই অর্থবছরে এর পরিমাণ ছিল যথাক্রমে ১ হাজার ৭৪৪ কোটি টাকা ও ২ হাজার ৯৬১ কোটি টাকা।