কোরবানির চামড়া সাভারে নেবেন মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদে পশুর চামড়া সাভারে চামড়া শিল্পনগরে প্রক্রিয়াজাত করবেন ট্যানারি মালিকেরা। গতকাল মঙ্গলবার বড় ট্যানারিগুলোর সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন সদস্যরা।
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে বিলম্বের জন্য সুপ্রিম কোর্টের জরিমানার বিষয়ে আলোচনার জন্য ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুযোগ থাকলে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বিএফএলএলএফইএর চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে আমি সদস্যদের আহ্বান জানিয়েছি, যাতে তাঁরা কোরবানির চামড়া সাভারে প্রক্রিয়াজাত করেন। তাঁরা এ বিষয়ে সম্মতি দিয়েছেন।’ জরিমানার বিষয়ে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের ওপর আমরা পুরোপুরি শ্রদ্ধাশীল। তবে রায় হাতে পাওয়ার পর সুযোগ থাকলে রিভিউ আবেদন করব। কারণ, ছোট কারখানার জন্য মাসে ৩ লাখ টাকা জরিমানা অনেক বড় বিষয়।’
এদিকে ট্যানারি মালিকদের আরেক সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ করার চিন্তা করছে।
হাজারীবাগ থেকে সাভারে না সরানো পর্যন্ত ট্যানারিগুলোকে পরিবেশদূষণের ক্ষতিপূরণ বাবদ প্রতিদিন ১০ হাজার করে দিতে বলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। গত সোমবার এ রায়টি এসেছে হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে আপিলের পরিপ্রেক্ষিতে। গত ১৬ জুন ট্যানারি সরাতে বিলম্বের জন্য দিনে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেছিলেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বিএফএলএলএফইএ ও বিটিএ।
হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারের চামড়া শিল্পনগরে নিতে ২০০৩ সালে একটি প্রকল্প নেয় সরকার। দফায় দফায় সময় ও ব্যয় বাড়িয়ে সেই প্রকল্প এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। ট্যানারি মালিকেরাও সাভারে কারখানা তৈরি করতে বিলম্ব করেছেন, সরকারও সময়মতো কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ও অন্যান্য অবকাঠামো নির্মাণ শেষ করতে পারেনি।
সুপ্রিম কোর্ট থেকে ক্ষতিপূরণের আদেশ আসার পরই জরুরি বৈঠক ডাকে বিএফএলএলএফইএ। এ সমিতির সদস্য ৫৫টি, যাদের বেশির ভাগই বড় ও মাঝারি ট্যানারি।
সংগঠনটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, সদস্যদের তিন দিনের মধ্যে সাভারে তাদের কারখানার নির্মাণকাজের অবস্থা জানাতে বলা হয়েছে। অনেকে এখনই যাওয়ার মতো অবস্থায় আছে। বড় ও মাঝারি ৫০টি ট্যানারি সাভারে উৎপাদন শুরু করলে কোরবানির চামড়া প্রক্রিয়া করা কঠিন হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, বড় কারখানাগুলোর সক্ষমতা অনেক বেশি।
সভাপতি বিদেশে থাকায় জরিমানার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিটিএ। এ সমিতির সদস্যসংখ্যা ১৩৪। অবশ্য এদের বেশির ভাগই ছোট ট্যানারি। সংগঠনটির সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরাও রিভিউ আবেদন করার চিন্তা করছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে সভাপতি আসার পরে। তিনি বুধবার এলে বৃহস্পতিবার সমিতির সভা হতে পারে।’
এদিকে, জরিমানা দিতে হলে তা কবে থেকে আদায় হবে, তা বুঝতে পারছেন না ট্যানারি মালিকেরা। তাঁরা বলছেন, রায় হাতে পেলে তা বোঝা যাবে। রায় পাওয়ার পর এ বিষয়ে করণীয় নিয়ে সদস্যদের একটি নির্দেশিকা দেবে বিএফএলএলএফইএ।
চামড়া শিল্পনগরে মোট শিল্প প্লট ২০৫টি। এসব প্লটে ছোট-বড় মিলিয়ে ১৫৫টি ট্যানারিকে জমি দেওয়া হয়েছে। সর্বশেষ মালিকদের সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর প্রক্রিয়া শেষ করতে এপ্রিল মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। অবশ্য সেই সময় অনেক আগে পেরিয়ে গেছে।
সম্প্রতি শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বাণিজ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে বলেন, কোরবানির চামড়া সাভারে প্রক্রিয়াজাত করতে হবে।