কোরবানির চামড়ার দাম নির্ধারণে আগ্রহ নেই ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা আগামী ৬ অক্টোবর। ঈদে কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর তা প্রক্রিয়াজাত করা হয়। এ জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে ট্যানারিগুলোয়। ঢাকার হাজারীবাগের একটি ট্যানারিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের ছবিটি তুলেছেন জাহিদুল করিম
ঈদুল আজহা আগামী ৬ অক্টোবর। ঈদে কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর তা প্রক্রিয়াজাত করা হয়। এ জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে ট্যানারিগুলোয়। ঢাকার হাজারীবাগের একটি ট্যানারিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের ছবিটি তুলেছেন জাহিদুল করিম

কোরবানির ঈদে জবাই হওয়া পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণে আগ্রহী নয় চামড়া কেনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিনটি সংগঠন। চামড়ার দাম এবার বাজারের হাতেই ছেড়ে দিতে চাইছেন তাঁরা।
এর আগে ২০১১ এবং ২০১২ সালে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেনি ব্যবসায়ী সংগঠনগুলো। ওই দুই বছরই চামড়ার ভালো দাম পাননি কোরবানিদাতারা। আবার চামড়া নিয়ে মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গেও দ্বন্দ্ব দেখা দেয়।
সে কারণেই গেল বছর বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়। ফলে চামড়ার ভালো দামও মেলে। এবার দাম নির্ধারণ করা না হলে সংগৃহীত চামড়া নিয়ে আবারও জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চামড়ার দাম নির্ধারণ না হওয়া প্রসঙ্গে বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) সভাপতি আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আমরা মোটামুটিভাবে এবার চামড়ার দাম নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছি। যে দামে চামড়া বিক্রি হবে, সে দামেই কেনা হবে। আশা করি সবাই যৌক্তিক দামেই চামড়া কিনবে।’
অনেকটা একই মত বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদের। তবে তিনি প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি রপ্তানি বেশ কমে গেছে। ক্রেতারাও এখন বেশি দাম দিতে চাইছে না। সে কারণে এবার কম দামে চামড়া কিনতে হবে।’
ট্যানারি মালিকদের দুই সংগঠন বিএফএলএলএফইএ ও বিটিএ এবং কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে থাকে। ঈদুল আজহা বা কোরবানির ঈদ সামনে রেখে এ তিন সংগঠনের নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়।
গত বছর চামড়ার দর নির্ধারণ করা হয়েছিল। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৮৫ থেকে ৯০ টাকা আর ঢাকার বাইরে ৭৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করা হয়। প্রতি বর্গফুট খাসির চামড়া ৫০ থেকে ৫৫ টাকা ও বকরির চামড়া ৪০ থেকে ৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়।
রপ্তানি মূল্য কি কমেছে?: এবার চামড়ার দাম নির্ধারণ না করার পেছনে ট্যানারি মালিকেরা বড় কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন বিশ্ববাজারে রপ্তানি কমে যাওয়াকে। তাঁরা বলছেন, একদিকে রপ্তানি কমে গেছে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতারা রপ্তানি মূল্যও কমিয়ে দিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যও রপ্তানি কমে যাওয়ার বিষয়টি সমর্থন করছে। ইপিবি বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম দুই মাসে কাঁচা ও প্রস্তুত চামড়ার রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৮ দশমিক ৪০ শতাংশ। গেল বছরের দুই মাসে যেখানে সাত কোটি ২২ লাখ ডলারের চামড়া রপ্তানি হয়েছিল, সেখানে এ বছরের রপ্তানি ছয় কোটি ৬১ লাখ ডলার। আর এ আয় ইপিবি নির্ধারিত ১০ কোটি ৬৫ লাখ রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭ শতাংশ কম।
বিএফএলএলএলইএর সাবেক সভাপতি বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত ১৫-২০ দিনে কোনো রপ্তানি আদেশই আমি
পাইনি। হাজারীবাগের বেশির ভাগ ট্যানারির অবস্থাই এমন। আমাদের একটা বড় বাজার দক্ষিণ কোরিয়া তো চামড়া কেনা প্রায় বন্ধই করে দিয়েছে।’
বেলাল জানান, এক-দেড় মাস আগেও প্রতি বর্গফুট প্রস্তুত চামড়া রপ্তানি হয়েছে দুই ডলার ২৫ সেন্টে। এখন তা নেমে এসেছে এক ডলার ৮০ সেন্ট থেকে দুই ডলারে।
তবে আন্তর্জাতিক পণ্যমূল্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইনডেক্স মুন্ডির ওয়েবসাইট বলছে, বিশ্ববাজারে গত জুলাইতে প্রতি পাউন্ড চামড়ার দাম যেখানে ছিল ১০৭ ডলার, সেটা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ১১১ ডলার ১৭ সেন্টে।
ট্যানারি মালিক এবং প্রস্তুত চামড়ার রপ্তানিকারকেরা বলছেন, কোরবানির সময় চামড়ার পর্যাপ্ত সরবরাহ থাকে এবং এ চামড়ার গুণগত মান ও রং বেশ ভালো। আবার কম দামেও তা কেনা যায়। সে কারণে প্রতিবছরই কোরবানির আগের দুই-তিন মাস বিভিন্ন দেশের আমদানিকারকেরা মুসলিম দেশগুলো থেকে চামড়া আমদানি কমিয়ে দেয়। এবারও তা-ই হয়েছে।
জটিলতার আশঙ্কা: চামড়ার দাম নির্ধারণ না করা হলে এবারও জটিলতা দেখা দিতে পারে। এ আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতানও। তিনি প্রথম আলোকে বলেন, চামড়ার দাম নির্ধারণ না করা হলে কী দামে চামড়া কেনা হবে, তা নিয়ে মাঠপর্যায়ের চামড়া সংগ্রহকারীরা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। ফলে এবার চামড়া নিয়ে জটিলতা দেখা দিতে পারে। তবে তিনি এ-ও মনে করেন, দাম নির্ধারণ করলেও একধরনের জটিলতা হয়। কারণ, চামড়ার যে দাম নির্ধারণ করে দেওয়া হয়, তা হলো সর্বোচ্চ মূল্য। কিন্তু অনেক মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়া ওই দামটাকে ভিত্তি ধরে এর চেয়ে বেশি দামেও চামড়া কেনেন। তখনো আড়তদারদের চামড়া কিনতে সমস্যায় পড়তে হয়।
রাজধানীর চকবাজারের পোস্তায় কাঁচা চামড়ার আড়তদারদের সঙ্গে আলাপ করে জানা যায়, সারা বছর যে দামে চামড়া বেচাকেনা হয়, কোরবানির মাস খানেক আগ থেকে তা এর চেয়ে ১০ থেকে ১৫ টাকা কমে বেচাকেনা হয়।
আড়তদারেরা জানান, পোস্তায় এখন ভালো মানের প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, যা মাস দেড়েক আগেও বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকায়। একইভাবে মাঝারি মানের চামড়ার দাম ৯০-৯৫ টাকা থেকে কমে এখন ৭৫-৮০ টাকা এবং নিম্নমানের চামড়া ৮০-৮৫ টাকা থেকে কমে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চামড়ার চাহিদার ৪৮ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে, ১০ শতাংশ রোজার ঈদে এবং শবে বরাত ও কালীপূজার সময় ২ শতাংশ করে পাওয়া যায়। বাকিটা আসে সারা বছরের জবাই করা পশু থেকে।
চামড়াসংশ্লিষ্ট তিন সংগঠনের হিসাবে, দেশে প্রতিবছর ২২ কোটি বর্গফুট চামড়া সংগ্রহ করা হয়। এবার কোরবানির ঈদে জবাই হওয়া পশু থেকে ৬৫ থেকে ৭০ লাখ চামড়া সংগ্রহ হবে বলে আশা করছে সংগঠনগুলো।