দুই কৃষক ও পাঁচ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
কোয়েলের খামারি হয়ে পুরস্কার পেলেন আলিয়া

ফরিদপুরের খলিলপুরের আলিয়া বেগমের বিয়ে হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তাঁর। তবু নিজের আগ্রহ আর উদ্যমে তিনি গড়েছিলেন কোয়েলের খামার। শুরুটা হয়েছিল ৫০০ কোয়েলের বাচ্চা নিয়ে।
তবে আলিয়া বেগম এখন ৮০০ কোয়েল পাখির একটি খামার এবং আটটি হাইব্রিড গরুর একটি দুধের খামারের মালিক। আছে ছয় একর কৃষিজমি, যার দুই একরে খামারের জন্য ঘাসের চাষ হয়। বাকি চার একরে আবাদ হয় ধান, পাটসহ অন্যান্য ফসল। কৃষিজমি, গরুর খামার ও পাখি পালন করে গত বছর তাঁর মোট আয় দাঁড়ায় নয় লাখ টাকা।
প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূ আলিয়ার কৃষক ও খামারি হয়ে ওঠার গল্পটা এমনই। আর এরই স্বীকৃতি তিনি গত মঙ্গলবার পেলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে। ব্যাংকটি তাঁকে পুরস্কৃত করেছে বর্ষসেরা নারী কৃষক হিসেবে।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আলিয়া বললেন, ‘আমি জীবনে কল্পনাও করতে পারি নাই এমন পুরস্কার পাব। খুব আনন্দ লাগতেছে।’ এত কিছু থাকতে কোয়েল পালন কেন করলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পুঁজি ছিল অল্প। কোয়েল পালতে বেশি পুঁজি ও জায়গা লাগে না। তাই আমি কোয়েল পালছি।’ পুরস্কার হিসেবে পাওয়া ২৫ হাজার টাকা দিয়ে আরও কোয়েলের বাচ্চা এবং গাভি কিনবেন বলে জানান তিনি।
আলিয়ার মতো কৃষি খাতের উন্নয়নে কাজ করছেন এমন কৃষক ও কৃষিপ্রতিষ্ঠানকেও কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার রাতে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ কৃষকের পুরস্কার পেয়েছেন বরিশালের কৃষক খান আসাদুজ্জামান। ১০ একর জায়গায় তিনি গড়েছেন ফলের বাগান, মাছের ঘের, ডেইরি ফার্ম। বাগানে ৫০ জাতের আম রয়েছে। আছে ৪২টি হাইব্রিড গরুর বিশাল এক ডেইরি খামার। মাছের পুকুর আছে ১২টি। এগুলোর মাছ বিক্রি করেই তাঁর আয় হয় বছরে ৪০ থেকে ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে আয় বছরে ৭০ লাখ টাকা। প্রতিদিন ১৫ জন মানুষ দৈনিক হাজিরা ভিত্তিতে তাঁর খামারে কাজ করেন।
আসাদুজ্জামান বলেন, ‘পুরস্কার পেয়ে ভালো লাগছে, এতে কাজের উৎসাহ আরও বেড়ে গেল।’
কৃষি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।
কৃষি খাতে সহায়তা ও বাস্তবায়নে সেরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে আলিম ইন্ডাস্ট্রিজ। পাওয়ার টিলার, মাড়াই কল (পাওয়ার থ্রেশার), শস্য শুকানোর যন্ত্র (ভেন্টিলেটিং ড্রায়ার), ধান কাটার যন্ত্রসহ (রাইস রিপার) বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও বিপণনের জন্যই প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে। আলিম ইন্ডাস্ট্রিজের এসব কৃষিযন্ত্র ভারত, মেক্সিকো এবং পূর্ব তিমুরে রপ্তানিও হচ্ছে।
সেরা কৃষিপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি বৈচিত্র্যপূর্ণ পাট ও পাটজাত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। প্রতিষ্ঠানটির অধিকাংশ শ্রমিকই নারী।
কৃষি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনের জন্য লাল তীর সিড লিমিটেড এবং কৃষি খাতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসিআই অ্যাগ্রোকে বিশেষ সম্মাননা পদকও দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মতিয়া চৌধুরী বলেন, ‘খাদ্যশক্তি, মেধাশক্তি, প্রাণশক্তি এবং শ্রমশক্তি—এ চার শক্তির জোরে এগিয়ে যাবে বাংলাদেশ।’
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব, স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান বিটপি দাশ চৌধুরী, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বক্তব্য দেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এ আয়োজনে যৌথভাবে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।