কোকা-কোলার 'সম্পর্ক উদ্যাপন ক্যাম্পেইন' উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একু​শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে ‘সম্পর্ক উদ্‌যাপন ক্যাম্পেইন’ করতে যাচ্ছে কোকা-কোলা। ভাষার মাসে বাংলায় ভালোবাসা ও আনন্দ প্রকাশে বাংলাদেশে এটি কোকো-কোলার বিশেষ ক্যাম্পেইন হিসেবে পরিচালিত হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পেইন চলাকালে কোকা-কোলার বোতলের গায়ে ৮টি সম্পর্কের কথা লেখা থাকবে। এ ছাড়া একটি বোতলে লেখা থাকবে ‘বাংলা’ ভাষার নাম। ভোক্তারা সম্পর্ক অনুযায়ী কোকা-কোলা উপহার দিতে পারবেন। সম্পর্কগুলো হলো, বাবা, মা, দাদা, দাদু, ভাইয়া, আপু, মামু, বন্ধু। কাল শুক্রবার থেকে সারা দেশে এই সম্পর্কের কথা লেখাযুক্ত কো​কা-কোলা সা​রা দেশে পাওয়া যাবে। এই ক্যাম্পেইন চলতি বছরের এপ্রিল পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, ‘আমরা ক্রমবর্ধমান এক বৈশ্বিক পৃথিবীতে বাস করি। তারপরও বিশ্বজুড়ে এমন কিছু আছে, যার কোনো বিকল্প নেই। আপন মাতৃভাষায় নিজের ভালোবাসা ও নিজেকে প্রকাশ করতে পারার আনন্দের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, ভাষার এই মাসে বাংলাদেশের মানুষ মাতৃভাষায় নিজেদের ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিতে পেরে আনন্দিত হবেন।’

সংবাদ সম্মেলনে আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের সঙ্গে পুরো জাতি একাত্ম থাকবে। তারা বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও আনন্দ প্রকাশ পাবে। বাংলাদেশে ভাষার মাস হিসেবে ‘ফেব্রুয়ারি মাস’ বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাংলাদেশের ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আজ বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস হিসেবে উদ্‌যাপিত হচ্ছে। তাঁরা বলেন, এই কার্যক্রম চলাকালে কোকা-কোলা বাংলাদেশ গর্ব ও ভালোবাসার সঙ্গে বোতলে বিশেষ লেবেলে এ দেশের মানুষ ও তাদের প্রিয় সম্পর্কগুলোকে বাংলায় উদ্‌যাপন করবে, যাতে মাতৃত্ব, বন্ধুত্ব-ভালো লাগা ইত্যাদি উপস্থাপিত হবে।

সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল, আবদুল মোনেম লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা গাজী এম শামসুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।