কেয়া কসমেটিকের ৩ কোটি ২৭ লাখ শেয়ার ইস্যুর অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষে কেয়া কসমেটিকস লিমিটেডের তিন কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৯৬৬টি সাধারণ শেয়ার ছেড়ে ৩২ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৬৬০ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহের অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কেয়া কসমেটিকসের সঙ্গে কেয়া ডিটারজেন্ট লিমিটেড ও কেয়া সোপ কেমিক্যাল লিমিটেডকে একীভূত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।কেয়া কসমেটিকের এক ঘোষণায় বলা হয়েছে, দুই কোম্পানির শেয়ার অধিগ্রহণের জন্য পরিশোধিত মূলধন বৃদ্ধির বিষয়ে পরিচালনা পর্ষদ গতকাল বুধবার এসইসির অনুমোদনপত্র পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩০ জুনকে একীভূতকরণের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ৭০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কোম্পানির শেয়ারের মার্কেট লট ৫০০টি থেকে ১০০টিতে পুনর্নির্ধারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর কবে।উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে কেয়া কসমেটিকের সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের কেয়া ডিটারজেন্ট এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি কেয়া সোপ কেমিক্যালকে একীভূত করার ঘোষণা দেওয়া হয়। ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গত ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে এ সংক্রান্ত অনুমোদন গ্রহণ করা হয়। পরে তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ২৫ মে একীভূতকরণের রেকর্ড ডেট নির্ধারণ করে। ইতোমধ্যেই কেয়া ডিটারজেন্ট ও কেয়া সোপ বিলুপ্ত করা হয়েছে। এসইসির কাছ থেকে পরিশোধিত মূলধন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন পাওয়ায় ওই দুই কোম্পানির শেয়ারহোল্ডারদের কেয়া কসমেটিকের প্রাপ্য শেয়ার বিতরণ করা হবে।