কোকা-কোলার জনসংযোগ ব্যবস্থাপনার দায়িত্ব পেল মাস্টহেড পিআর

বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশের জনসংযোগ ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠান মাস্টহেড পিআর। মাস্টহেড পিআরের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানা যায়।
সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশের প্রধান কার্যালয়ে কোকা-কোলা বাংলাদেশ ও মাস্টহেড পিআরের মধ্যে জনসংযোগ সেবা প্রদান-বিষয়ক একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কোকা-কোলা বাংলাদেশকে সব ধরনের জনসংযোগ সেবা প্রদান করবে মাস্টহেড পিআর ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপক সাদাব খান, পিআর অ্যান্ড কমিউনিকেশন কনসালট্যান্ট শামিমা আকতার, মাস্টহেড পিআরের পরিচালক জিয়াউদ্দিন আদিল, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ করিম, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সালমা আদিল ও সহকারী পরিচালক (কমিউনিকেশনস) রাশেদুল মজিদ মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাস্টহেড পিআরকে কোকা-কোলা বাংলাদেশের পিআর সহযোগী হিসেবে নিয়োগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপক সাদাব খান। তিনি বলেন, বাংলাদেশে কোকা-কোলার সব ধরনের জনসংযোগ কার্যক্রম সর্বোচ্চ মানের ব্যবস্থাপনার মাধ্যমে তারা পালন করবে।
মাস্টহেড পিআরের সিইও ফাহাদ করিম বলেন, ‘কোকা-কোলা বাংলাদেশের জনসংযোগ সেবা প্রদানের দায়িত্ব পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। তাদের মানসম্পন্ন জনসংযোগ সেবা প্রদানে সর্বদা সচেষ্ট থাকব।’