কোটি টাকার বেশিতে গাড়ি কেনা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন থেকে ৫০ লাখ টাকার বেশি দামে মোটরগাড়ি আর এক কোটি টাকার বেশি ব্যয় করে কোনো জিপ কিনতে পারবে না। একই সঙ্গে পাঁচ হাজার বর্গফুটের বেশি জায়গা নিয়ে নতুন কোনো শাখা খুলতে পারবে না তারা।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এই নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিলাসবহুল যানবাহন ও আড়ম্বরপূর্ণ সাজসজ্জার উচ্চ ব্যয় কমাতে নির্দেশনাটি জারি করা হয়েছে। কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক বলেছে, সম্প্রতি কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বিলাসবহুল যানবাহন ক্রয় এবং শাখা স্থাপনের ক্ষেত্রে সাজসজ্জাসহ অন্যান্য খাতে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করেছে। যে কারণে প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের মুনাফার ওপর। এতে আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারধারী ও গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হন। সে জন্য পরিচালন ব্যয় কমাতে কিছু ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয়েছে।
যানবাহন ক্রয় ও সাজসজ্জার ব্যয়সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য কোনো যানবাহন কেনা হলে সেটি ন্যূনতম পাঁচ বছর ব্যবহারের পরই কেবল প্রতিস্থাপন করা যাবে। পাশাপাশি মোটরযান ব্যবহার ও
পরিচালন ব্যয়ের তথ্য ছয় মাস পরপর পর্ষদ সভা এবং কোম্পানির বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন শাখা খোলার ক্ষেত্রে কোনো আর্থিক প্রতিষ্ঠান এখন থেকে পাঁচ হাজার বর্গফুটের বেশি জায়গা ব্যবহার করতে পারবে না। তবে বর্তমানে পাঁচ হাজার বর্গফুটের বেশি জায়গা নিয়ে যেসব আর্থিক প্রতিষ্ঠানের শাখা রয়েছে, সেগুলো ভবিষ্যতে স্থানান্তরের ক্ষেত্রে সম আয়তনের বেশি জায়গা নেওয়া যাবে না। পাশাপাশি নতুন শাখার সাজসজ্জা, আসবাবপত্র, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস খাতে প্রতি বর্গফুটের জন্য দেড় হাজার টাকার বেশি খরচ করা যাবে না। আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বিলাসিতার পরিবর্তে মৌলিক চাহিদাকে প্রাধান্য দিয়ে টেকসই ও গুণগতমানকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩১টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।