কোটি টাকার ব্যাংক হিসাবধারী বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার বেশি আছে দেশে এমন ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাবের সংখ্যা এখন ৫৭ হাজার ৫১৬টি। এক বছর আগেও ছিল ৫১ হাজার ৫৫০। অর্থাৎ এক বছরে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ছয় হাজার। অথচ ১৯৭৫ সালেও কোটি টাকার বেশি থাকা হিসাবের সংখ্যা ছিল ৪৭টি।
এই হিসাব কোটিপতির সংখ্যার হিসাব নয়। কেননা, ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও প্রতিষ্ঠান রয়েছে। দেশে প্রকৃত কোটিপতির সঠিক হিসাব বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি আছে এক থেকে পাঁচ কোটি টাকার আমানত আছে এমন ব্যাংক হিসাব। এর পরিমাণ ৫৪ হাজার ৬৯৮টি। আর ৫০ কোটি টাকার বেশি আছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা ৫৭৫টি। অথচ এক বছর আগেও যা ছিল ৪৯৪।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তির হিসাব জানা না থাকলেও এ থেকে ধারণা করা যায় যে দেশের মানুষের সম্পদ বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে কোটিপতির সংখ্যাও। প্রকাশিত একটি আন্তর্জাতিক রিপোর্টেও বাংলাদেশের মানুষের সম্পদ বাড়ার কথা বলা হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউট প্রতিবছর গ্লোবাল ওয়েলথ রিপোর্ট প্রকাশ করে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ২০১৫ সালের রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে, ২০০০ সালে বাংলাদেশের মানুষের হাতে ৭৮ বিলিয়ন বা ৭ হাজার ৮০০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ ছিল। আর এর ১৫ বছরের মাথায় তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩৭ বিলিয়ন বা ২৩ হাজার ৭০০ কোটি ডলার।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরে বাংলাদেশে একজন পূর্ণবয়স্ক মানুষের মাথাপিছু সম্পদ ১ হাজার ৬৯ ডলার থেকে বেড়ে হয়েছে ২ হাজার ২০১ ডলার। এর মধ্যে আর্থিক সম্পদের পরিমাণ গড়ে ৪৪১ ডলার থেকে বেড়ে হয়েছে ৭৯৫ ডলার। অন্যদিকে স্থাবর সম্পদ বেড়ে হয়েছে ১ হাজার ৪৭০ ডলার, যা ১৫ বছর আগে ছিল ৬৫২ ডলার। বেড়েছে ঋণও। যেমন, ২০০০ সালে প্রত্যেক প্রাপ্তবয়স্ক বাংলাদেশির ঋণের পরিমাণ ছিল ২৪ ডলার, এখন তা বেড়ে হয়েছে ৬৪ ডলার।
ওয়েলথ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ধরা হয়েছে ১৭ কোটি ৪১ হাজার। আর ২০০০ সালে বাংলাদেশের মোট প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ৭ কোটি ২৬ লাখ, ২০১৫ সালের মাঝামাঝি তা ১০ কোটি ৭২ লাখ ছাড়িয়ে গেছে।
রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ভারতের মানুষের হাতে আছে ৩ হাজার ৪৪৭ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ। আর পাকিস্তানের মানুষের হাতে থাকা সম্পদের পরিমাণ ৪৯৫ বিলিয়ন ডলার, শ্রীলঙ্কায় ৭৩ বিলিয়ন ডলার এবং নেপালে ৩৭ বিলিয়ন ডলার।
মানুষের সম্পদ বাড়লেও বিশ্বের প্রেক্ষাপটে বিবেচনা করলে বাংলাদেশকে দরিদ্র দেশ হিসেবেই বিবেচনা করা হয়েছে প্রতিবেদনটিতে। যেমন, ২০০০ সালে বাংলাদেশিদের হাতে থাকা সম্পদের পরিমাণ ছিল বৈশ্বিক সম্পদের শূন্য দশমিক ১ শতাংশের কম। ১৫ বছর পরেও তা-ই আছে। তবে ১৫ বছরে বৈষম্য কত বেড়েছে সে তথ্য দিতে পারেনি প্রতিবেদনটি।