
সম্পদশালী হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বও বেড়ে যায়। বিশেষ করে যখন বিশ্বের কোটিপতিদের তালিকায় নাম ওঠে, তখন মানুষের প্রত্যাশা অনেক বৃদ্ধি পায়, নিজেকে অনেক বেশি দৃশ্যমান হতে হয়। তাই দায়িত্বের গুরুত্বও চলে আসে। নেপালের প্রথম কোটিপতি বিনোদ চৌধুরী এভাবেই নিজের মনোভাব তুলে ধরেন প্রথম আলোর সঙ্গে আলাপকালে। গত সপ্তাহে তিনি ঢাকায় এসেছিলেন সামাজিক ব্যবসা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। তাঁর জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।
বিনোদ চৌধুরী বলেন, ‘কোটিপতি হিসেবে স্বীকৃতিতে জৌলুশ ও মর্যাদা যেমন আছে, তেমনি আছে দায়দায়িত্ব। নেপালে বা বাংলাদেশে আমার চেয়েও ধনী ব্যক্তি আছেন, যাঁরা কোটিপতি। কিন্তু ব্যবসা পরিচালনার পাশাপাশি ব্যবসায় সুশাসনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করায় আমি এই স্বীকৃতি পেয়েছি।’ উল্লেখ্য, ফোর্বস ম্যাগাজিন নেপালের প্রথম কোটিপতি ধনকুবের (বিলিওনিয়ার) হিসেবে বিনোদ চৌধুরীকে তালিকাভুক্ত করেছে এ বছর। ২০১৩ সালের এক হাজার ৪২৬ জন কোটিপতির তালিকায় তাঁর অবস্থান এক হাজার ৩৪২তম। ১০০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ আছে তাঁর। প্রতিকূল পরিস্থিতি থেকে শুরু করে চৌধুরী গ্রুপের প্রতিষ্ঠাতা বিনোদ চৌধুরী ৮০টি শিল্প-ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিজ দেশে ও দেশের বাইরে। তাঁর সবচেয়ে বড় ব্যবসা সিঙ্গাপুরে। ওয়াই ওয়াই ব্র্যান্ডের নুডলস নিয়ে ভারতে তাঁর ব্যবসায় রয়েছে তাজ হোটেলের সঙ্গে অংশীদারি। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে আছে হোটেল। সিঙ্গাপুরভিত্তিক সিনোভেশন গ্রুপেরও তিনি কর্ণধার। নেপালি এই ধনকুবের বলেন, ‘ব্যবসার জন্য কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। তবে ফোর্বসের এই স্বীকৃতি আমার কাছে নোবেল পুরস্কারের সমতুল্য।’ বিনোদ চৌধুরীর মতে, এই খ্যাতির মধ্য দিয়ে শুধু নিজেকে নয়, দেশকেও বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ তৈরি হয়। আর বিশ্বের মানুষ ব্যক্তির মধ্য দিয়ে দেশকে দেখার চেষ্টা করে। তিনি বলেন, ‘বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি নেপাল। সেই দেশের মানুষ হিসেবে আমি যখন কোটিপতির স্বীকৃতি পাই, তখন নেপালকে নিয়ে বাইরের জগৎ অন্যভাবে চিন্তা করবে।’
বিনোদ চৌধুরীর আদি বাড়ি অবশ্য ভারতের রাজস্থানে। তাঁর পিতামহ ঊনবিংশ শতকে নেপালে চলে আসেন এবং একটি বস্ত্রের দোকান খোলেন। সেখান থেকে রাজপরিবার ও সম্ভ্রান্তরা বস্ত্র কিনতেন। এরপর তাঁর বাবা নেপালের প্রথম ডিপার্টমেন্ট স্টোর খোলেন। মাত্র ১৮ বছর বয়সে বিনোদ ব্যবসায় যোগ দেন। তখন তিনি ভারতে হিসাবরক্ষণ শাস্ত্র অধ্যয়ন করছিলেন। বাবা অসুস্থ হওয়ায় পড়ালেখার পর্ব অসম্পূর্ণ রেখেই নেপাল ফিরে যান। সেই থেকে শুরু। দীর্ঘ প্রায় ৪০ বছরের ব্যবসায়ী জীবনে খাদ্য, আবাসন, সিমেন্ট, হোটেল, ব্যাংক, বিদ্যুৎ ও ইলেকট্রনিক খাতে নিজের অবস্থান করে নিয়েছেন।
বিনোদ চৌধুরী মনে করেন, নেপালসহ গোটা দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির অবারিত সুযোগ রয়েছে। ‘আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা রাজনীতির নামে একে অন্যের বিরুদ্ধে লেগে থাকি।’ তিনি আরও মনে করেন, ব্যবসা-বাণিজ্য করার অনুকূল পরিবেশ তৈরিই সরকারের প্রধান কাজ। তাঁর ভাষায়, ‘সরকার হস্তক্ষেপ করবে এ জন্যই যে, কেউ যাতে একচেটিয়া ব্যবসা করতে না পারে।’
নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. ইউনূসের অনুরাগী বিনোদ চৌধুরী এখন ইউনূস-প্রবর্তিত সামাজিক ব্যবসার ধারণা নিয়ে কাজ করতে চাইছেন। বিশ্বে আজ সামাজিক ব্যবসা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। হাইতি থেকে উগান্ডা, জাপান থেকে নেপাল—সর্বত্রই এই সামাজিক ব্যবসা জোর আলোচনায়। অন্য ব্যবসার মতো এই ব্যবসাকেও টেকসই ও লাভজনক হতে হবে, মুনাফা করতে হবে। শুধু উদ্যোক্তারা মুনাফা নিতে পারবেন না।
বিনোদ চৌধুরীর মতে, সামাজিক ব্যবসা প্রথাগত ব্যবসার ভাবমূর্তি বদলে দিচ্ছে। সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতেই সামাজিক ব্যবসা। এখানে যেমন কর্মসংস্থান হবে, তেমনি মুনাফাও হবে।