কোনো ক্রেতা পোশাকের ক্রয়াদেশ বাতিল করেনি

ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর বিদেশি ক্রেতারা পোশাকের ক্রয়াদেশ বাতিল করেনি। এমনটাই বলেছেন উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের এদেশীয় পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) জেমস এফ মরিয়ার্টি। তিনি ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত।
জেমস এফ মরিয়ার্টি বলেছেন, ‘আমি এখন পর্যন্ত শুনিনি অ্যালায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কোম্পানি ক্রয়াদেশ বাতিল করেছে।’ তিনি বলেন, জোটের সদস্য ২৯ কোম্পানির মধ্যে ১৪টির বাংলাদেশে কার্যালয় আছে। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
রাজধানীর গুলশানে অ্যালায়েন্সের কার্যালয়ে গত রোববার পাঁচ সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন জেমস এফ মরিয়ার্টি। এ সময় উপস্থিত ছিলেন অ্যালায়েন্সের পরিচালনা পর্ষদের সদস্য ও দেশের বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি তপন চৌধুরী। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।
অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘যেসব কারখানা থেকে অ্যালায়েন্সের চুক্তিবদ্ধ কোম্পানিগুলো পোশাক কেনে, আমরা সেসব নিরাপদ করতে চাই। সে জন্য সংস্কারকাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, সংস্কারকাজে ভালো অগ্রগতি হয়েছে।’ তিনি বলেন, অ্যালায়েন্সের অধীনে থাকা ৬৭৩ কারখানার ৫৪ শতাংশ ত্রুটি সংস্কারকাজ করেছে। এর মধ্যে ৩২টি কারখানা ইতিমধ্যে বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত সব ধরনের ত্রুটি সংশোধন শেষ করেছে।
জেমস এফ মরিয়ার্টি বলেন, বৈশ্বিক পোশাক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। তাই নতুন করে কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশের ওপর অনেক বেশি চাপ তৈরি হবে। তিনি আরও বলেন, সংস্কারকাজে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় এখন পর্যন্ত ৯১ পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন বা স্থগিত করেছে অ্যালায়েন্স। সাম্প্রতিক মাসগুলোতে কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হার বেড়েছে। এসব কারখানার অধিকাংশই শেয়ারড বা অন্য প্রতিষ্ঠানের পাশাপাশি কারখানার আছে এমন ভবনে। এই কারখানার অনেকেই এখন অন্যত্র যাচ্ছে।
এই পর্যায়ে বিটিএমএর সভাপতি তপন চৌধুরী বলেন, কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোক্তারা যখন কাজ করছেন, তখন বিদেশি ক্রেতাদেরও উপলব্ধি হয়েছে, অনিরাপদ কারখানা থেকে পোশাক কেনা যাবে না। সে জন্য তাঁরা এখন নিরাপদ ও ঝুঁকিমুক্ত কারখানা খোঁজেন।
পোশাক কারখানার ত্রুটি সংস্কারকাজের জন্য অর্থায়নের বিষয়ে জেমস মরিয়ার্টি বলেন, তহবিল আছে। কম সুদে তহবিল থেকে ঋণ দেওয়ার বিষয়েও কাজ হচ্ছে। তিনি আরও বলেন, ২০১৮ সালের পর বাংলাদেশে অ্যালায়েন্সের কার্যক্রম চালানোর কোনো পরিকল্পনা নেই। যদি কোনো সুনির্দিষ্ট কারণ থাকে, তাহলে সেটি কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা খুঁজে বের করা হবে।
পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কারখানা পরিদর্শনের পাশাপাশি সমন্বিত কার্যক্রম নিয়েছে অ্যালায়েন্স। এমন তথ্য দিয়ে জোটের কান্ট্রি ডিরেক্টর বলেন, নিরাপত্তা বিষয়ে ৬৭৩ কারখানার ১২ লাখ পোশাকশ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া একটি হেল্পলাইন চালু করা হয়েছে। যার সাহায্যে শ্রমিকেরা কারখানার যে কেনো সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে জানাতে পারেন। হেল্পলাইনে এখন পর্যন্ত ৭০ হাজার কল এসেছে। মাসে প্রায় পাঁচ হাজার করে কল আসছে।
সাভারে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অ্যালায়েন্স গঠিত হয়। এই জোটের সঙ্গে যুক্ত আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২৯টি পোশাক ব্র্যান্ড।