কোনো পোশাক কারখানাই ত্রুটিমুক্ত নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উত্তর আমেরিকার ২৬ ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের জোট অ্যালায়েন্স নিজেদের সদস্যভুক্ত ৫৮৭টি তৈরি পোশাক কারখানা পরিদর্শন শেষ করেছে। গত জুলাইয়ে শেষ হওয়া এই পরিদর্শনে কোনো কারখানাই ত্রুটিমুক্ত পাওয়া যায়নি। কম-বেশি নিরাপত্তাজনিত ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেছে।
গড়ে একেকটি কারখানায় ৪৫টি ত্রুটি ধরা পড়েছে। আর এসব ত্রুটির মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎবিষয়ক। ভবনের ত্রুটি-বিচ্যুতিও আছে। ঝুঁকিপূর্ণ হিসেবে সম্পূর্ণভাবে বন্ধ হওয়া কারখানার সংখ্যা পাঁচ। আর আংশিক বন্ধ হয়েছে নয়টি। পরিদর্শন শেষ হওয়া কারখানার ৫০ শতাংশেরই ত্রুটি-বিচ্যুতি সংস্কারের কাজ শেষ হয়েছে। ফলে অর্ধেক কারখানাই এখন নিরাপদ। আর বাকিগুলোর নিরাপত্তা নিশ্চিতে সংস্কারকাজ চলছে। সংস্কারে কারখানাপ্রতি খরচ হচ্ছে গড়ে আড়াই লাখ মার্কিন ডলার বা দুই কোটি টাকা।
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি গত এক বছরে দেশের পোশাক কারখানার নিরাপত্তা উন্নয়ন অগ্রগতির বিবরণ প্রকাশ করেছে। রাজধানীর গুলশানে অ্যালায়েন্সের নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবীন ও জে্যষ্ঠ উপদেষ্টা ইয়েন স্পলডিং।
অবশ্য সামগ্রিকভাবে নিরাপদ কারখানার এই হিসাবটি এখন পর্যন্ত আংশিক। কারণ অ্যালায়েন্স ছাড়াও ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আলাদাভাবে পরিদর্শন করছে। অ্যাকর্ডের এক হাজার ৫৭২ পোশাক কারখানার মধ্যে হাজার খানেক কারখানার পরিদর্শন শেষ করেছে। এর মধ্যে ২ শতাংশেরও কম ঝুঁকিপূর্ণ কারখানা পাওয়া গেছে। অন্যদিকে বুয়েটের অধীনে দেড় হাজারের মধ্যে ২৮২ কারখানার পরিদর্শন শেষ হয়েছে। এর মধ্যে দুটি কারখানা বন্ধ হয়েছে, এমন তথ্যই দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
ত্রুটিমুক্ত কোনো কারখানাই না পাওয়ার কারণ হিসেবে মেসবাহ রবীন বলেন, বাংলাদেশের বেশির ভাগ কারখানা ভবনই কারখানার জন্য তৈরি করা হয়নি। তিনি আরও বলেন, অনেক কারখানারই ওপরের তলায় রান্নাঘর ও জেনারেটর ছিল। বয়লার ছিল বিপজ্জনক জায়গায়। এসব কারণে সহজেই অগ্নিকাণ্ড ঘটতে পারে। ইতিমধ্যে সেগুলো নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারখানা পরিদর্শনের মানদণ্ডটি করা হয়েছে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী। আর এই বিধিমালা হয় ২০০৬ সালে। তার আগেই দেশের বেশির ভাগ কারখানা ভবন নির্মিত হয়। ফলে ত্রুটি থাকাটাই স্বাভাবিক।’
সংবাদ সম্মেলনে জানান হয়, অ্যালায়েন্সের পরিদর্শনে বন্ধ হওয়া পাঁচ কারখানার শ্রমিকসংখ্যা এক হাজার ৮০০। এর মধ্যে এক হাজার শ্রমিকের ক্ষতিপূরণের ৫০ শতাংশ দিয়েছে অ্যালায়েন্স। অন্যদের ক্ষতিপূরণ মালিকপক্ষই নিশ্চিত করেছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে সংস্কার কার্যক্রম চালাতে কারখানাগুলোকে সহজ শর্তে ঋণ দিতে ১০ কোটি ডলারের একটি তহবিল আছে অ্যালায়েন্সের। এ ছাড়া নতুন করে দুই কোটি ডলারের আরেকটি তহবিল করা হয়েছে। সব মিলিয়ে দেশীয় মুদ্রায় এই তহবিলে আছে প্রায় ৯৬০ কোটি টাকা।
তবে এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘এখন পর্যন্ত কোনো মালিকই ওই তহবিল থেকে ঋণ পেয়েছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।’ একই কথা উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, তহবিল থেকে ঋণ দেওয়ার নীতিমালা তৈরি হচ্ছে। তবে এটি দ্রুত করা দরকার। কারণ ঋণ না পেলে অনেক মালিকই আর্থিক সংকটের কারণে সংস্কার কার্যক্রম শেষ করতে পারবেন না।
পরিদর্শনের পাশাপাশি পোশাকশ্রমিকদের প্রশিক্ষণ দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান ইয়েন স্পলডিং। তিনি বলেন, ইতিমধ্যে ১১ লাখ শ্রমিককে অগ্নি নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে। এতে ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে ইয়ান বলেন, গত বছর তিন হাজার ২০০ শ্রমিকের ওপর একটি জরিপ করে দেখা গেছে, মাত্র ৩৯ শতাংশ শ্রমিক জানতেন আগুন লাগলে কী করতে হবে। তবে প্রশিক্ষণের পর সম্প্রতি এক জরিপে দেখা গেছে যে এটি বেড়ে এখন ৯৭ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ১৫ লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া শ্রমিকদের জন্য একটি হেল্প লাইন চালু করেছে অ্যালায়েন্স। এর মাধ্যমে শ্রমিকেরা নিরাপত্তাবিষয়ক বিভিন্ন সমস্যার কথা মুঠোফোনে জানান। সেই সমস্যা শ্রমিকের নাম গোপন রেখে সমাধান করা হয়। ইতিমধ্যে সেবাটি ২১টি কারখানায় চালু হয়েছে। অক্টোবরের মধ্যে আরও ২৯ কারখানায় এটি চালু করার কথা জানালেন মেসবাহ রবীন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্পলডিং বলেন, ‘গত অর্থবছর আমেরিকা ও কানাডার বাজারে রপ্তানি ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যালায়েন্সের সদস্যভুক্ত ক্রেতা প্রতিষ্ঠান পোশাকের রপ্তানি মূল্যও (এফওবি) বাড়িয়েছে।’ তবে কত বেড়েছে—পাল্টা প্রশ্ন করলে তিনি জানান, তাঁদের কাছে সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই।
অন্যদিকে অন্য ভবনে থাকা (শেয়ারড বিল্ডিংয়) কারখানায় ব্র্যান্ডগুলো কাজ দিচ্ছেন না, প্রায়ই এমন অভিযোগ করেন মালিকেরা। এ বিষয়ে জানতে চাইলে মেসবাহ রবীন বলেন, এটি তাদের এখতিয়ারবহির্ভূত। বিষয়টি ক্রেতা ও কারখানামালিকের দ্বিপক্ষীয় বিষয়।