কোনো প্রস্তাবের প্রতিফলন না থাকায় হতাশ বিটিএমএ
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ২০১১-১২ অর্থবছরের বাজেটে রপ্তানির ক্ষেত্রে উৎসে আয়কর হার শূন্য দশমিক ৪৫ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫০ শতাংশে আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। উৎসে আয়করের প্রস্তাবিত হারটি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে সংগঠনটি মনে করে।নতুন বাজেটে বিটিএমএর কোনো প্রস্তাবের প্রতিফলন না হওয়াকে সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলামিন ‘দুর্ভাগ্যজনক’ ও ‘হতাশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেছেন। তিনি গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে বস্ত্র খাতে প্রতিযোগী দেশগুলোতে দেওয়া আর্থিক প্রণোদনা ও সহায়ক নীতিমালার কারণে সৃষ্ট নেতিবাচক পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে বিটিএমএ ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় কিছু সুপারিশ করেছিল। যাতে বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাত সমভাবে ও সমদক্ষতায় প্রতিযোগিতা করার সামর্থ্য অর্জন করে।’কিন্তু নতুন বাজেটে ২০১৩ সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা অব্যাহত রাখার কথা বলা হলেও এর আওতায় প্রাথমিক বস্ত্র খাতকে না রাখার সমালোচনা করেন বিটিএমএর সভাপতি। তিনি বলেন, ‘যে লক্ষ্যে কর অবকাশ সুবিধা বহাল রেখে এর মেয়াদ বাড়ানো হয়েছে, তার কোনো সুফল পাওয়া যাবে বলে আমাদের মনে হয় না।’জাহাঙ্গীর আলামিন জানান, বিটিএমএ পণ্যের বহুমুখীকরণ ও তুলার ওপর নির্ভরশীলতা হ্রাসে পলিয়েস্টার ও ভিসকস স্ট্যাপল ফাইবার, অ্যাক্রেলিক টো ও টপস, চিপস ও পেট-চিপসের শুল্ক ও কর প্রত্যাহারের জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিষয়টি বাজেটে আমলেই নেওয়া হয়নি। এতে তুলার ওপর নির্ভরশীলতা বেড়ে সুতার বর্তমান সংকটকে আরও ঘনীভূত করবে বলে তিনি মন্তব্য করেন।জাহাঙ্গীর আলামিন আরও বলেন, পরিবেশের বিষয়টি বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিবেচনা থেকে বিটিএমএ ইটিপি স্থাপন উৎসাহিতকরণ ও পরিচালন ব্যয় হ্রাস করার লক্ষ্যে এতে ব্যবহূত যাবতীয় রাসায়নিক পণ্য আমদানির ওপর শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করে। ঘোষিত বাজেটে যদিও ইটিপিতে ব্যবহূত রাসায়নিক পণ্যের শুল্কহার হ্রাস করে তিন শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। তবে এ খাতে ব্যবহূত রাসায়নিক পণ্য আমদানিতে কোনো শুল্ক ও কর ধার্য থাকা উচিত নয়।