কোনো ব্যাংক মরতে চাইলে মরতে দিন, বললেন ডিসিসিআই সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাসেম খান।
আবুল কাসেম খান।

দেশের কোনো ব্যাংক যদি মরতে চায়, তাকে মরতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান। তিনি বলেছেন, নিজের অব্যবস্থাপনার কারণে বন্ধ হতে যাওয়া ব্যাংক রক্ষা করলে তা ভালো ব্যাংককে নিরুৎসাহিত করে।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে ঢাকা চেম্বারের প্রস্তাব তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কাসেম খান এ মন্তব্য করেন। আজ শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে একজন সাংবাদিক জানতে চান, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের জন্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার বিষয়টি ডিসিসিআই সমর্থন করে কি না। জবাবে আবুল কাসেম খান বলেন, ‘আমরা এটা সমর্থন করি না। এটা জনগণের করের অর্থ। যারা ফেল (ব্যর্থ হওয়া) করতে চায়, তাদের ফেল করতে দেওয়া উচিত। ফেল করার সময় বারবার সহায়তা দেওয়া হলে ভালো ব্যাংককে তা নিরুৎসাহিত করে।’

এর আগে আবুল কাসেম খান ব্যাংকে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন, প্রতিটি ব্যাংকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ঋণ দেওয়া নিশ্চিত করা দরকার। এক কোটি টাকা ঋণ দিতে যে নিয়মকানুন অনুসরণ করতে হয়, ১০০ কোটির ক্ষেত্রে আরও কঠোরভাবে তা অনুসরণ করা দরকার। তিনি বলেন, খেলাপি ঋণ আদায় করতে উদ্যোগ দরকার। প্রয়োজন হলে এ ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের পক্ষ থেকে আগামী বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো, কর হার কমানো, করপোরেট বা প্রাতিষ্ঠানিক কর কমানো, অবকাঠামো খাতে গুরুত্ব দেওয়া, বেসরকারি বিনিয়োগ বাড়াতে নানা পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়। প্রশ্নোত্তর পর্বে অপ্রদর্শিত অর্থ নিয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা চেম্বার সভাপতি বলেন, ‘আমরা কখনো অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার পক্ষে নই। তবে বৈধ পথে অর্জিত অর্থ কোনো কারণে কর রিটার্নে না দেখানো হলে সেটা পরে বাড়তি কর দিয়ে বৈধ করার সুযোগ থাকা উচিত।’

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সহসভাপতি ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।