কোপেনহেগেন বাইক শোতে বাংলাদেশি সাইকেল

ডেনমার্কের কোপেনহেগেনে সম্প্রতি অনুষ্ঠিত বাইক শোতে বাংলাদেশে তৈরি বাইসাইকেল বি’ফেয়ার-এর প্রদর্শনী হয়েছে। বাইক শোটি ১৩ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলে।
ওই শোতে বি’ফেয়ারের উদ্বোধন করেন নরডিক দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ গোলাম সরোয়ার। সঙ্গে ছিলেন ডেনমার্কের বিখ্যাত সাইক্লিস্ট ওলে রিটটার, কোপেনহেগেন বাইক শোর আয়োজক খ্রিস্টিয়ান রিটটার, বি’ফেয়ারের নকশাকার ও ডেনমার্কের স্থপতি টবিয়াস ইয়াকবসেন প্রমুখ।
এই বি’ফেয়ার সাইকেলটি প্রস্তুত হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রাণ-আরএফএল গ্রুপ এটি উৎপাদন করছে। এতে পৃষ্ঠপোষকতা করছে এশিয়ান নরডিক গ্রুপ।
এশিয়ান নরডিক গ্রুপ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী লারস লোক্কা রাসমুসেন বি’ফেয়ার সাইকেল প্রদর্শনীর স্থান ঘুরে দেখেন।
এশিয়ান নরডিক গ্রুপের প্রকল্প পরিচালক হেনরিক বাক বলেন, ডেনমার্কসহ নরডিক দেশগুলোতে পরিবেশবান্ধব সাইকেলের কদর বেশি। এসব দেশে ছোট-বড় সবাই সাইকেল ব্যবহার করেন। তিনি আরও বলেন, প্রদর্শনীতে এ সাইকেল বিক্রি থেকে পাওয়া অর্থ বাংলাদেশের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার উন্নয়নে ব্যয় হবে। একটি সাইকেল বিক্রির অর্থ একটি শিশুর পুরো বছরের শিক্ষার ব্যয় এবং একবেলা খাবারের নিশ্চয়তা দেবে।