কোভিড-পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট: ওবায়দুল কাদের
প্রস্তাবিত বাজেটকে কোভিড–পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেটে নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। এই বাজেটে সব দিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।’
এদিকে সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে আজ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতারা।
দেশের ৫১তম এই বাজেটকে ‘জীবন ও জীবিকা বাঁচানোর আত্মনির্ভরশীল বাজেট’ হিসেবে উল্লেখ করে দলের নেতারা বলেছেন, সংকটকালে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী বাজেট দিয়েছে সরকার।
বিকেল পাঁচটায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে মিছিল বের হয়। এতে সহসভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি ও মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ যোগ দেন।
এর আগে বিকেল চারটায় বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করে আওয়ামী যুবলীগ। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান। মিছিল ও সমাবেশে যুবলীগের নেতা-কর্মীরা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।