কোম্পানি আইন সংশোধনীতে দ্রুত সুপারিশ দিতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কোম্পানি আইন সংশোধনীর কাজ চলছে। এতে প্রয়োজনীয় সুপারিশ প্রস্তাব দেওয়ার জন্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশকে (আইসিএমএবি) আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। মন্ত্রী আরও বলেছেন, এ ধরনের প্রতিষ্ঠানের সদস্যদের সত্যকে সত্য আর ভুলকে ভুল বলার সাহস নিয়ে কাজ করতে হবে। রাজধানীর হোটেল রূপসী বাংলায় গত শনিবার সন্ধ্যায় আইসিএমএবি আয়োজিত প্রাতিষ্ঠানিক পুরস্কার-২০১২ (করপোরেট অ্যাওয়ার্ড) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন। আইসিএমএবি সভাপতি মমতাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ। এতে বক্তব্য দেন পুরস্কার কমিটির সভাপতি মোজাফ্ফর আহমেদ, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টসের (সাফা) সভাপতি আবদুল মান্নান প্রমুখ। নৌবাহিনীর প্রধান বলেন, নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ড বেশ দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এরই মধ্যে এই ইয়ার্ড থেকে যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে। ভবিষ্যতে খুলনা শিপইয়ার্ডে সব ধরনের যুদ্ধজাহাজ তৈরি সম্ভব হবে। একসময় দেশীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশ বিদেশি প্রতিষ্ঠানের জন্যও যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে। পুরস্কার: অনুষ্ঠানে আইসিএমএবি নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে সেরা বিবেচিত ৪৯টি প্রতিষ্ঠানকে বিভিন্ন শ্রেণীতে পুরস্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক; বিদেশি ব্যাংকের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড, হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও হাবিব ব্যাংক; বেসরকারি ইসলামী ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, শাহজালাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামি ব্যাংক; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও ওয়ান ব্যাংক; ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসি ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স, উত্তরা ফিন্যান্স ও লংকাবাংলা ফিন্যান্স; সাধারণ বিমা খাতের মধ্যে রিল্যায়েন্স ইনস্যুরেন্স, পাইওনিয়র ইনস্যুরেন্স, গ্রিনডেল্টা ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স ও প্রাইম ইনস্যুরেন্স; ওষুধ খাতের কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা; বেক্সিমকো ফার্মা, গ্ল্যাক্সো স্মিথক্লাইন, ইবনে সিনা ফার্মা ও এসিআই; বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ার; বারাকাতউল্লাহ ইলেকট্রো, খুলনা পাওয়ার; পাওয়ারগ্রিড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন; বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টস, ম্যারিকো, বাটা সু ও সিঙ্গার বাংলাদেশ এবং অন্যান্য শ্রেণীতে বাংলাদেশ সাবেমরিন কেব্লস, খুলনা শিপইয়ার্ড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও আমরা টেকনোলজি। প্রত্যেক শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র পাশাপাশি কিছু কোম্পানিকে মেরিট অব সার্টিফিকেট দেওয়া হয়।