কোম্পানি আইন সংশোধনের দায়সারা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান ১৯৯৪ সালের কোম্পানি আইন অনেক ক্ষেত্রেই প্রয়োগের অযোগ্য। আইনটির বিভিন্ন ধারার মধ্যে অনাবশ্যক দ্বন্দ্ব রয়েছে। শেয়ারবাজারের আইনের সঙ্গেও রয়েছে বৈপরীত্য। এসব অসংগতি সত্ত্বেও কোম্পানি আইনের সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে বিশেষজ্ঞরা দায়সারা অভিহিত করেছেন। তাঁরা বলেছেন, আইনটি এভাবে সংশোধন করে তেমন কোনো লাভ হবে না। বরং আমূল পরিবর্তন করে দরকার সম্পূর্ণ নতুন আইনের।কোম্পানি আইনে এমন কিছু ধারা রয়েছে, যাতে মানুষের অহেতুক হয়রানির শিকার হওয়ার সুযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে আইনটির এক ধারার সঙ্গে আরেক ধারা বিপরীতমুখী ও দ্ব্যর্থবোধক। এই ধারাগুলো তাই একেবারে বাতিল করতে হবে। পাশাপাশি সংযোজন করতে হবে কিছু নতুন ধারা।বিদ্যমান কোম্পানি আইনের ওপর এসব মতামত দিয়েছে খোদ যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মর্তুজা রেজা চৌধুরীকে প্রধান করে গঠিত সাত সদস্যের কমিটি কয়েক মাস ধরেই কোম্পানি আইন সংশোধনের ব্যাপারে কাজ করছে। আরজেএসসি এতে সাচিবিক দায়িত্ব পালন করছে। এ বিষয়ে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। শেষ সভাটি অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি।ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশ (আইসিএসবি), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রতিনিধিরা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছী এ কমিটির সদস্য।কমিটির পক্ষ থেকে সম্প্রতি সিকিউরিটিজ ও কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ কিছু আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মতামত চেয়েও চিঠি পাঠানো হয়েছে। এরই মধ্যে কিছু মতামত আসতে শুরু করেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আইন সংশোধনের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোতে প্রচলিত বিধান, স্থানীয় বাস্তবতার সঙ্গে সংগতি, উন্নয়ন ও আধুনিকায়ন, হয়রানি লাঘব, শেয়ারবাজারের আইনের সঙ্গে সংঘাত এড়ানো, কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নৈরাজ্যকর পরিস্থিতির অবসান, রিটার্ন দাখিল সহজতর করা ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে।কোম্পানি আইন সংশোধন করে এতে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে আরজেএসসি। বলেছে, প্রত্যেক কোম্পানিতে একজন করে নিরপেক্ষ পরিচালক, কোম্পানি সচিব ও অভ্যন্তরীণ নিরীক্ষক থাকতে হবে, বর্তমানে যা নেই।পরিশোধিত মূলধন দুই কোটি টাকা হলেই কোম্পানির বিধিবদ্ধ সেক্রেটারিয়াল রেকর্ড নিয়মিত নিরীক্ষণ করাতে হবে, মূল্যায়নের জন্য কোম্পানি যা পর্ষদ সভায় উপস্থাপন করবে। প্রতিবেশী দেশগুলোতেও এ রকম বাধ্যবাধকতা রয়েছে।আর পরিশোধিত মূলধন পাঁচ কোটি টাকা হলে কোম্পানিতে সার্বক্ষণিক কোম্পানি সচিব থাকতে হবে, যাঁরা হবেন আইসিএসবির সদস্য।নিরপেক্ষ পরিচালকের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, তিনি হবেন একজন অনির্বাহী পরিচালক, কোম্পানিতে যাঁর কোনো ঋণ বা মালিকানা নেই এবং অর্থ, বাণিজ্য বা আইন বিষয়ে জ্ঞানসম্পন্ন ও সমাজে সজ্জন ব্যক্তি হিসেবে যাঁর সুনাম আছে। কোম্পানির গঠন পদ্ধতির বিষয়েও সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, বর্তমানে দুই বা ততোধিক ব্যক্তি মিলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারলেও এটা হওয়া দরকার এক বা একাধিক ব্যক্তি। তবে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে সাত বা ততোধিক ব্যক্তিই থাকবেন। কোম্পানির সংঘস্মারক মুদ্রিত হতে হয় এবং এতে স্বাক্ষরকারী ব্যক্তিদের ঠিকানা ও পরিচয় দুজন সাক্ষীর সামনে স্বাক্ষর করতে হয়। আরজেএসসি বলছে, এসবের পাশাপাশি অনলাইনে সংঘ-স্মারক দাখিল ও স্বাক্ষর স্ক্যান করায় বাধ্যবাধকতা আনা দরকার। আর, যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে আদালতের পরিবর্তে ক্ষমতা দেওয়া দরকার সরকারকে। এজিএম বিষয়ে বলা হয়েছে, কোম্পানির কার্যালয় নিবন্ধিত হয়েছে যে শহরে, সেই শহরে এজিএম হতে হবে এবং এজিএমে বা অন্য কোথাও কোম্পানির পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের কোনোরূপ উপহার, উপঢৌকন, নগদ অর্থ বা খাদ্যদ্রব্য দেওয়া যাবে না। তবে হালকা আপ্যায়নের ব্যবস্থা থাকতে পারে। কোনো কোম্পানি এজিএম অনুষ্ঠানে ব্যর্থ হলে ওই কোম্পানি ও কোম্পানির প্রত্যেক কর্মকর্তাকে অনধিক ১০ হাজার টাকা এবং প্রতিদিনের দেরির জন্য ২৫০ টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এই অঙ্ক যথাক্রমে ৫০ হাজার ও এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। যেসব প্রাইভেট কোম্পানি ব্যবসা শুরু করার প্রত্যয়নপত্র গ্রহণ করবে না, তারা ব্যবসাই করছে না বলে বিবেচিত হবে। নিবন্ধক তাঁর নিবন্ধন বই থেকে এসব কোম্পানির নাম কেটে দেবেন—এ প্রস্তাবও করা হয়েছে।বিদ্যমান আইনে ‘শেয়ারের প্রকৃতি’ শিরোনামের ধারায় বলা হয়েছে, ‘শেয়ার-মূলধন রয়েছে, এমন কোম্পানির প্রত্যেক শেয়ার যথোপযুক্ত সংখ্যা দ্বারা চিহ্নিত থাকবে।’ আরজেএসসি বলেছে, শুধু এটুকু বললে ডিপোজিটরি আইনের সঙ্গে সংঘাত তৈরি হয়। এর সঙ্গে আরও বলতে হবে, ‘তবে এই ধারা ডিপোজিটরিতে অন্তর্ভুক্ত শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’বর্তমানে প্রত্যেক কোম্পানিকে ১২ বছরের হিসাব বই ও ভাউচার সংরক্ষণ করতে হয়। আরজেএসসির মতে, এই ধারাটি অবাঞ্ছিত, অতিরিক্ত ও একেবারেই অনভিপ্রেত। বরং ছয় বছর পর্যন্ত রাখলেই চলবে। তবে কোম্পানির পক্ষ থেকে অনলাইনে দাখিল করা কোনো কিছু আরজেএসসি সংরক্ষণ করবে সর্বোচ্চ পাঁচ বছর। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বর্তমানে আরজেএসসিকে অনেক বাড়তি কাজ করতে হয়, প্রকৃতপক্ষে যা তার কাজই না। উদাহরণ দিয়ে তিনি বলেন, রিটার্ন বা করের কোনো বিষয় আরজেএসসির এখতিয়ারের মধ্যে থাকার কথা নয়। এটি নিতান্তই এনবিআরের কাজ। লাভ-ক্ষতি হিসাব, উদ্বৃত্তপত্র ইত্যাদিও এনবিআর-সম্পর্কিত বিষয়। অথচ আরজেএসসিতেও এগুলো দাখিল করতে হয় । সূত্র জানায়, বিদ্যমান আইনে অনেক ক্ষেত্রেই কোম্পানিকে হাইকোর্টে যেতে হয়। ইংল্যান্ড, সিঙ্গাপুরসহ অনেক দেশ এই রেওয়াজ ইতিমধ্যেই প্রত্যাহার করে নিয়েছে। এটিও সংশোধনের প্রস্তাব রয়েছে। যোগাযোগ করলে যৌথ মূলধনি নিবন্ধক কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক আহমেদুর রহিম প্রথম আলোকে বলেন, সংশোধনের মাধ্যমে কোম্পানি আইনকে যুগোপযোগী করা হবে। এ ব্যাপারে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। চেষ্টা করা হচ্ছে ভালো কিছু করার।অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী বলেন, ‘কোম্পানি আইন সংশোধনের ব্যাপারে সভা হচ্ছে। চূড়ান্ত কোনো আকার এখনো দাঁড়ায়নি। খসড়া হওয়ার পর ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর মন্ত্রিপরিষদে যাবে। সর্বশেষে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে জাতীয় সংসদে। তবে স্বল্প সময়ের মধ্যে কিছু হবে না।’আইন সংশোধন হচ্ছে, না নতুন আইন হচ্ছে—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত বাণিজ্যসচিব বলেন, ‘নতুন আইন নয়, বরং বিদ্যমান আইন সংশোধন হচ্ছে।’বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, কোম্পানি আইন সংশোধন হওয়া দরকার। এখন বিদ্যমান আইনের দুর্বলতাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে দেখা হচ্ছে। আইনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে মতামত চাওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু মতামত এসেছেও।দায়সারাভাবে কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে—এমন অভিযোগ নাকচ করে দিয়ে বাণিজ্যসচিব বলেন, অভিযোগটি ঠিক নয়। ভালোভাবে সংশোধনের জন্যই কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আরও সভা হবে। কোম্পানি আইন সংশোধন এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি। আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, দেশে প্রচলিত কোম্পানি আইনের মতো এত দুর্বল আইন বিশ্বের কোথাও নেই। বৈশ্বিক বাণিজ্য-ব্যবস্থায় এ আইন অচল। সংশোধন না করে তাই একটু সময় লাগলেও এটি নতুনভাবে করা উচিত। সম্প্রতি শেয়ারবাজারে যেসব কেলেঙ্কারির কথা শোনা যাচ্ছে, তার পেছনেও এই আইনেরই দুর্বলতা রয়েছে বলে তিনি মনে করেন। মোহাম্মদ সানাউল্লাহর মতে, কোম্পানির সব দলিলপত্র অনলাইনে দাখিল করার সুযোগ ও পরিচালকদের মাধ্যমে শেয়ার কিনে নেওয়ার বিধান (বাই-ব্যাক) না থাকা, পরিচালকদের সর্বোচ্চ সংখ্যা নির্ধারিত এবং কোম্পানি সচিবের অস্তিত্ব না থাকা বিদ্যমান আইনের অন্যতম দুর্বলতা। আইসিএসবির সভাপতি আরও বলেন, বিদ্যমান আইনের আওতায় কোম্পানিতে সুশাসন বজায় রাখা অবাস্তব। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) যে করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন করেছে, সেটিও অসম্পূর্ণ। তিনি বলেন, আইনের দায়সারা সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে কারও কোনো লাভ হবে না।