কোম্পানি ও নিরীক্ষককে বিএসইসির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদনের সঙ্গে জমা দেওয়া হিসাব বিবরণীতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস ভুল দেখানোয় সাইফ পাওয়ারটেক কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।বর্তমানে কোম্পানিটির আইপিও আবেদন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।কিন্তু আইপিও অনুমোদনের আগেই বিএসইসি কোম্পানিটির হিসাব বিবরণীতে আয় বাড়িয়ে দেখানোর তথ্য পেয়েছে। এ কারণে কোম্পানিটির পাশাপাশি হিসাব নিরীক্ষক প্রতিষ্ঠান এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সে সঙ্গে কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।কমিশনের নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএসইসি জানিয়েছে, হিসাব বিবরণীতে ভুল ইপিএস দেখানোয় সাইফ পাওয়ারটেককে দুই লাখ এবং হিসাব নিরীক্ষক প্রতিষ্ঠানকে তিন লাখ, মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।সংবাদ বিজ্ঞপ্তির বাইরে বিএসইসি-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইপিও আবেদনের সঙ্গে সাইফ পাওয়ারটেক যে নিরীক্ষিত হিসাব বিবরণী জমা দিয়েছে তাতে ২০১১ সালের আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয় চার টাকা ১০ পয়সা। কিন্তু বিএসইসির পর্যবেক্ষণে দেখা যায়, সেটি ভুলভাবে দেখানো হয়েছে। বিএসইসির হিসাব অনুযায়ী, ওই ইপিএস হওয়ার কথা তিন টাকা ৫৬ পয়সা।নিয়ন্ত্রক সংস্থাসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, শেয়ারের বাড়তি অধিমূল্য বা প্রিমিয়াম আদায়ের উদ্দেশ্যেই হয়তো ইপিএস বাড়িয়ে দেখানো হয়েছে। তবে এ বিষয়ে বিএসইসি কোম্পানির কাছে লিখিতভাবে জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এটি ছিল অনিচ্ছাকৃত ভুল। বিএসইসির পর্যবেক্ষণে ইপিএস-সংক্রান্ত হিসাবে অসংগতির বিষয়টি ধরা পড়লেও নিরীক্ষক প্রতিষ্ঠান ও ইস্যু ব্যবস্থাপকেরা সংশ্লিষ্ট কাগজপত্রে স্বাক্ষর করে। নিয়ম অনুযায়ী, হিসাব বিবরণীর এসব অসংগতি চিহ্নিত করার প্রথম দায়িত্ব নিরীক্ষা প্রতিষ্ঠানের এবং সেগুলো সঠিকভাবে যাচাই-বাছাইয়ের দায়িত্ব বর্তায় ইস্যু ব্যবস্থাপকের ওপর। কিন্তু বিএসইসি মনে করছে, এ ক্ষেত্রে নিরীক্ষা প্রতিষ্ঠান ও ইস্যু ব্যবস্থাপক যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেনি। এ কারণে কোম্পানির পাশাপাশি ওই দুই প্রতিষ্ঠানকেও শাস্তির আওতায় আনা হয়েছে। এ ছাড়া বিএসইসির গতকালের সভায় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর আগে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন সুপারিশ তৈরির জন্য বিএসইসি একটি কমিটি গঠন করে। সে কমিটি এরই মধ্যে কমিশনের কাছে তাদের সুপারিশমালা জমা দেয়।