কোম্পানিগুলোর আচরণ দায়িত্বশীল হতে হবে
প্রথম আলো: দেশের বিমা খাতের বর্তমান অবস্থাটা কী? শেফাক আহমেদ: অবস্থা ভালো, আবার ভালোও না। ভালো এই অর্থে যে, এই খাতটির প্রতি বহু বছর পরে হলেও সরকারের সুনজর পড়েছে। নতুন বিমা আইন হয়েছে এ সরকারের আমলে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠিত হয়েছে। আর ‘ভালো না’টা হলো, এই খাতের অনেকেই পুরোনো ধাঁচ থেকে বের হতে চাইছেন না। তবে দিন দিন অবস্থার উন্নতি হচ্ছে। এই খাতের সবচেয়ে বড় সমস্যা হলো ভাবমূর্তির সমস্যা, যা এক দিনে তৈরি হয়নি। অনিয়ম, অবহেলা, বিশঙ্খলা—বিমা খাতের এসব বিষয় রোধ করতে পারেনি বিলুপ্ত বিমা অধিদপ্তর। কারণ, প্রধান বিমা নিয়ন্ত্রক হিসেবে আগে কখনোই পেশাদার কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে আইডিআরএ বিমা খাতের ইতিবাচক ভাবমূর্তি তৈরির জন্য কাজ করে যাচ্ছে। প্রথম আলো: কী কী কাজ করে যাচ্ছে? শেফাক আহমেদ: জীবন বিমা ও সাধারণ বিমা করপোরেশনের পাশাপাশি বেসরকারি খাতে আরও ৬০টি কোম্পানি রয়েছে। সাধারণ বিমা কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকেরা তাঁদের মালিকানাধীন সব ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের বিমা নিজ কোম্পানিতে করতেন। এতে অনেক ক্ষেত্রে প্রিমিয়াম পেত না বিমা কোম্পানিগুলো। নিয়ম করা হয়েছে, নিজ ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের বিমা ২৫ শতাংশ পর্যন্ত নিজের মালিকানাধীন বিমা কোম্পানিতে করা গেলেও বাকি ৭৫ শতাংশের বিমা করতে হবে অন্য বিমা কোম্পানিতে। কমিশনের ক্ষেত্রেও অনিয়ম ছিল ব্যাপক। প্রিমিয়ামের ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হতো, যাতে কোম্পানির কিছু থাকত না। এখন তা ১৫ শতাংশ বেঁধে দেওয়া হয়েছে। তা ছাড়া ছিল কোম্পানি কর্তৃপক্ষের তৈরি করা অসংখ্য ভুয়া প্রতিনিধি (এজেন্ট)। প্রিমিয়াম নেওয়া হতো নগদে। এটা বাতিল করে অ্যাকাউন্টপেয়ি চেক বাধ্যতামূলক করা হয়েছে। জীবন বিমা কোম্পানিতে ১০ থেকে ১২টি স্তর ছিল। নির্দেশনা দিয়ে তা তিন স্তরে নামিয়ে আনা হয়েছে। প্রথম আলো: এসব পদক্ষেপ নিতে গিয়ে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে কি? শেফাক আহমেদ: না, সরকারের দিক থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছি। তবে বেসরকারি খাতের কিছু লোক বিরক্ত করছে। হয়রানি করছে মিথ্যা মামলা দিয়ে। তাদের মতলব হলো, কাজ করতে না দেওয়া ও অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা। কিন্তু তারা জানে না, এগুলো করে আইডিআরএকে দমানো যাবে না। বিমা খাতকে একটি মর্যাদাকর জায়গায় প্রতিষ্ঠা করে যাওয়ার ব্যাপারে আইডিআরএ প্রতিশ্রুতিবদ্ধ। দুঃখজনক যে, যাদের জন্য কাজ করে যাচ্ছি, তাদেরই কেউ কেউ না বুঝে ক্ষতির চেষ্টায় লিপ্ত। প্রথম আলো: বলা হয়, নামে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হলেও বাস্তবে সংস্থাটি শুধু নিয়ন্ত্রণই করে, উন্নয়নের দিকটি অবহেলিত থাকছে। শেফাক আহমেদ: কথাটি ঠিক নয়। অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি রোধ করাও এক ধরনের উন্নয়ন। আগে তো বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দূর করতে হবে বহু বছরের জঞ্জাল। মা চাইছেন, ছেলে ভালো মানুষ হোক। কিন্তু ছেলে কোথায় কী করছে, কার সঙ্গে মিশছে, রাতে বাড়ি ফিরছে না কেন, এ খোঁজ রাখাও নিশ্চয় মায়ের দায়িত্ব। এ দায়িত্ব পালন না করলে উন্নয়ন তো দূরের কথা ছেলে উচ্ছন্নে যেতে পারে। বিমা খাতের বিষয়টিও অনেকটা সে রকম। প্রথম আলো: অর্থনীতিতে বিমা খাত কী ভূমিকা পালন করছে? ভবিষ্যতে এ খাতের সম্ভাবনাই বা কত প্রবল? শেফাক আহমেদ: সম্ভাবনা ব্যাপক এবং তা নানাদিক থেকেই। প্রথমত, অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে এ খাতে। ভবিষ্যতে আরও হবে। কারণ, দেশের বেশির ভাগ মানুষ এখনো বিমা খাতের বাইরে। বাধ্যতামূলক করার কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সাধারণ বিমা করতে হয়, কিন্তু জীবন বিমা করা এখনো বাধ্যতামূলক নয়। অথচ জীবন বিমা করা না থাকলে এমন অনেক দেশ আছে, যারা সরকারি অন্য অনেক সেবা থেকেও বঞ্চিত থাকে। সরকারের দিক থেকে এভাবে উৎসাহ দেওয়া যেতে পারে যে, জীবন বিমা করা না থাকলে কিছু সেবা পাওয়া যাবে না। তখন মানুষ এগিয়ে আসবে। আর মানুষের আস্থা ফিরিয়ে আনা বা ভাবমূর্তি তৈরির জন্য কোম্পানিগুলোকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। আগামী দিন বিমা খাতের। এর কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, সামনে এমন দিন অপেক্ষা করছে, সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চাকরির জন্য বেছে নেবে বিমা খাতকে। কারণ, মেধাবী ছাড়া এই খাতে ভালো করা কঠিন। [সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম]