পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বাধীন পরিচালক থাকতে হবে। একই সঙ্গে কোম্পানির পরিচালকদের সংখ্যা পাঁচজনের কম অথবা ২০ জনের বেশি হতে পারবে না।গত বুধবার করপোরেট গভর্নেন্স গাইডলাইনের সংশোধনী-সম্পর্কিত নির্দেশনা জারি করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সংশোধিত করপোরেট গভর্নেন্স গাইডলাইন ‘কমপ্লাই’ বা বাধ্যতামূলক পরিপালন করতে হবে। আগে এই গাইডলাইন ‘কমপ্লাই’ বা ‘এক্সপ্লানেশন’ ভিত্তিতে পরিপালন করতে হতো। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।এসইসির ওয়েবসাইটে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের মধ্যে কমপক্ষে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক থাকতে হবে। স্বতন্ত্র পরিচালক হিসেবে যাঁরা মনোনীত হবেন, তাঁদের হাতে সংশ্লিষ্ট কোম্পানির কোনো শেয়ার থাকতে পারবেন না। যদি থাকে, তাহলে অবশ্যই কোম্পানির মোট পরিশোধিত মূলধনের এক শতাংশের কম হতে হবে। আবার কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে—এমন কোনো ব্যক্তি স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। এ ছাড়া স্বাধীন পরিচালকদের পরিবারের সদস্যরাও সংশ্লিষ্ট কোম্পানির এক শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবেন না।নির্দেশনায় বলা হয়, স্বাধীন পরিচালক কোনো স্টক এক্সচেঞ্জের সদস্য বা পরিচালক বা কর্মকর্তা অথবা স্টক এক্সচেঞ্জের কোনো সদস্যের শেয়ারহোল্ডার, পরিচালক অথবা কর্মকর্তা হতে পারবেন না। এর পাশাপাশি স্বতন্ত্র কোনো পরিচালকের সঙ্গে ওই কোম্পানির সহযোগী কোনো প্রতিষ্ঠানেরও সম্পর্ক থাকতে পারবে না।গাইডলাইনে আরও বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলাদা ব্যক্তি হতে হবে। কোম্পানির চেয়ারম্যান পরিচালকদের মধ্যে থেকে নির্বাচিত হতে হবে। এ ক্ষেত্রে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব-কর্তব্য নির্ধারণ করবেন। এর আগে একই ব্যক্তি একই সঙ্গে দুই পদে দায়িত্ব পালন করতে পারতেন।প্রসঙ্গত, তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য বেশ আগেই করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন তৈরি করা হয়েছিল। কিন্তু তা পরিপালনে কোম্পানিগুলোর কোনো প্রকার বাধ্যবাধকতা ছিল না। পুরোনো ওই নীতিমালাকে আরও যুগোপযোগী করে তা পরিপালন নিশ্চিত করতেই এসইসি এই গাইডলাইন সংশোধনীর উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি সংশোধিত গাইডলাইনটি জনমত জরিপের জন্য এসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জনমত জরিপ শেষে গত ২৯ মে এসইসির নিয়মিত কমিশন সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।এ ব্যাপারে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আগে তালিকাভুক্ত কোম্পানিগুলো করপোরেট গভর্নেন্স গাইডলাইন ‘কমপ্লাই অথবা এক্সপ্লেইন’ ভিত্তিতে পরিপালন করত। এই নির্দেশনা জারির পর থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে এই গাইডলাইন বাধ্যতামূলক পরিপালন করতে হবে।নির্দেশনাটি গেজেট আকারে প্রকাশের জন্য কমিশন থেকে বিজি প্রেসে পাঠানো হবে বলেও জানান সাইফুর রহমান।