কোম্পানির আর্থিক প্রতিবেদন মানসম্পন্ন ও স্বচ্ছ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন মানসম্পন্ন ও স্বচ্ছ হতে হবে। এ ক্ষেত্রে নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোর যথাযথ ভূমিকা পালন করতে হবে। আর তাহলেই কোম্পানির ইন্টিগ্রিটি বা সততা প্রমাণিত হবে। আজ সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকা কার্যালয়ে ‘ইন্টিগ্রিটি অ্যাট ওয়ার্ক’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হেলাল উদ্দিন নিজামী এসব কথা বলেন।সিএসইর সদস্যদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। সিএসই ও ক্যাপিটাল ইনিস্টিটিউশন অব প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (সিআইপিডি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় হেলাল উদ্দিন নিজামী বলেন, ইন্টিগ্রিটি বলতে আইন ও নিয়ম-কানুনের যথাযথ ও সঠিকভাবে পরিপালন বোঝায়। তিনি বলেন, সিএইর সব সদস্য ও তালিকাভুক্ত সব কোম্পানিকে নিজেদের কাজের মাধ্যমে এটি প্রমাণ করতে হবে। তিনি সবাইকে সঠিকভাবে সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।কর্মশালার প্রশিক্ষক ছিলেন লন্ডনের চার্টার্ড ইনিস্টিউট ফর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের (সিআইএসআই) পরিচালক কেভিন মোর।সিআইএসআই মূলত সিকিউরিটিজ ও ইনভেস্টমেন্টের ওপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। আর সিএসই পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা, স্বচ্ছতা বৃদ্ধির জন্য সব সময় কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় সিএসইর সদস্যদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয় বলে সিএসইর পক্ষ থেকে জানানো হয়।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সিএসইর সভাপতি আল মারুফ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক মো. শহীদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন, সিআইপিডির ব্যবস্থাপনা পরিচালক সবুর খান প্রমুখ।