কোম্পানির এমডি ও পত্রিকা সম্পাদকের তিন বছর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার নিয়ে কারসাজির দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল ইসলাম ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক এনায়েত করিমকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ২০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুঁজিবাজার-সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর গতকাল সোমবার সকালে এ রায় ঘোষণা করেন। গত জুনে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এটি দ্বিতীয় রায়। এর আগে ৩ আগস্ট একই ট্রাইব্যুনাল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানোর দায়ে ব্রোকারেজ হাউসের সাবেক এক কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার কারসাজির মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটিয়েছেন দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক এনায়েত করিম। আগে কম দামে শেয়ার কিনে তারপর মিথ্যা তথ্য প্রচার করে এটির দাম বাড়ানো হয়।
দাম বাড়ার একপর্যায়ে কম দামে কেনা শেয়ার বিক্রি করে দিয়ে বিপুল মুনাফা তুলে নেন এনায়েত করিম। আর মিথ্যা তথ্য প্রচারে তাঁকে সহযোগিতা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল ইসলাম।
২০০৭ সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে কারসাজির ঘটনাটি উদ্ঘাটিত হলে ওই বছরই বিএসইসির পক্ষ থেকে দুজনকে আসামি করে মামলা করা হয়।
ট্রাইব্যুনালে গতকাল মামলাটির রায় ঘোষণার সময় দুই আসামি হাজির ছিলেন। রায়ের পর তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মামলার বিবরণী থেকে আরও জানা যায়, ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৭ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিডি ওয়েল্ডিংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল ৬ থেকে ১৩ টাকার মধ্যে। এ সময়ের মধ্যে এনায়েত করিম ৬ থেকে ১৩ টাকার মধ্যে প্রায় ১ লাখ ৯২ হাজার ৫০০ শেয়ার কেনেন। এরপর বাজারে তথ্য প্রচার করা হয় সৌদি প্রতিষ্ঠান আল আওয়াদ গ্রুপ কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী। বিডি ওয়েল্ডিংয়ের সঙ্গে যৌথ মালিকানায় বিনিয়োগ করবে সৌদি প্রতিষ্ঠানটি। ই-মেইলের মাধ্যমে সৌদি প্রতিষ্ঠানটি বিনিয়োগের এ আগ্রহ প্রকাশ করেছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল।
ডিএসইর ওয়েবসাইটসহ দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় (সে সময় এটি সাপ্তাহিক পত্রিকা ছিল) এ নিয়ে সংবাদ প্রচার করা হয়। তাতে সৌদি প্রতিষ্ঠানের প্রতিনিধিদলে কোম্পানি পরিদর্শনে আসার কথাও উল্লেখ করা হয়। এ খবরে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭ টাকা থেকে বেড়ে সাড়ে ৪৬ টাকায় উঠে যায়। আর ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে দুই দফায় ৩৩ থেকে ৪৬ টাকার মধ্যে সব শেয়ার বিক্রি করে দেন এনায়েত করিম।
পরে এ নিয়ে বিএসইসি তদন্তে দেখা যায়, যে ই-মেইলের সূত্র ধরে সৌদি প্রতিষ্ঠানের বিনিয়োগের তথ্য প্রচার করা হয়েছে সেটি ভুয়া। আল আওয়াদ নামে সৌদি কোনো প্রতিষ্ঠানেরও অস্তিত্ব নেই। বিডি ওয়েল্ডিংয়ের এমডির সঙ্গে যোগসাজশে ভুয়া ই-মেইল খুলে বিনিয়োগের মেইল চালাচালি করেন এনায়েত করিম নিজেই। পরে বিএসইসির পক্ষ থেকে দুজনকে আসামি করে মামলা করা হয়েছিল। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর মামলাটি সেখানে স্থানান্তর হলে এর বিচারিক কার্যক্রম শুরু হয়।
জানতে চাইলে এস এম নুরুল ইসলামের আইনজীবী অশোক কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি, তাই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
বিডি ওয়েল্ডিং ১৯৯৯ সালে তালিকাভুক্ত হয়। গতকাল এর শেয়ারের দর ছিল ২৪ টাকা ৪০ পয়সা।