কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ডেস্ক স্থাপন হচ্ছে
নতুন কোম্পানির নিবন্ধন-প্রক্রিয়া সহজ করতে ‘ডিসিসিআই সহায়তা ডেস্ক’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ ব্যাপারে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও যৌথ মূলধনী কোম্পানিগুলোর নিবন্ধকের কার্যালয়ের (আরজেএসসি) মধ্যে গত সোমবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ডিসিসিআই মিলনায়তনে সংগঠনটির সভাপতি মো. সবুর খান ও আরজেএসসির নিবন্ধক বিজন কুমার বৈশ্য এ স্মারকে সই করেন। এটি হচ্ছে বাংলাদেশে সরকার স্বীকৃত প্রথম সহায়তা ডেস্ক, যা নতুন কোম্পানির নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি পুরোনো উদ্যোক্তাদের নিবন্ধন-সংক্রান্ত সমস্যা সমাধানেও সহায়তা দেবে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে ডেস্কের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দেবে। সমঝোতা স্মারকের আওতায় আরজেএসসির ওয়েবসাইট ও জনবল ব্যবহার করে ডিসিসিআই সহায়তা ডেস্ক নতুন কোম্পানির নিবন্ধন-প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। বিজ্ঞপ্তি।