কোরবানির ঈদ সামনে রেখে ফ্রিজের বেচাকেনা বাড়ছে
ঈদুল আজহা বা কোরবানির ঈদ সামনে রেখে ফ্রিজের চাহিদা সব সময়ই বাড়ে। তাই বেড়ে যায় ফ্রিজের বেচাকেনাও। এবারও সেই ধারায় বাড়ছে ফ্রিজের বেচাবিক্রি।ফ্রিজ ব্যবসায়ী ও বিক্রেতারা বলছেন, এবার মাঝারি আকারের ডিপ ফ্রিজই বেশি বিক্রি হচ্ছে। মধ্যম আয়ের পরিবারের লোকজন এ ফ্রিজ বেশি কিনছেন।ইলেকট্রনিক পণ্য ব্যবসার সঙ্গে যুক্ত দুটি সংগঠনের তথ্য অনুযায়ী, কোরবানির ঈদ উপলক্ষে প্রতিবছর প্রায় দুই লাখ ফ্রিজ (ডিপ ও সাধারণ ফ্রিজ) বিক্রি হয়। এ বছর বিক্রি দুই লাখ ২০ হাজার থেকে দুই লাখ ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।মাছ-মাংস, ফলমূল ও তরিতরকারি কয়েক দিন সতেজ রাখতে সাধারণ মানুষের একমাত্র ভরসা ফ্রিজ। আর কোরবানির ঈদে গরুর মাংস রাখার তাগিদ থেকে বেড়ে যায় ফ্রিজের চাহিদা। বিশেষ করে, এ উদ্দেশে মানুষ প্রচুর ডিপ ফ্রিজ কেনেন।দেশে ১০০ থেকে ৪০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ওজনের ফ্রিজ পাওয়া যায়। তবে বিক্রি বেশি হয় পাঁচ সিএফটি (১৪০ লিটার ধারণক্ষমতা) থেকে ১০ সিএফটি (২৫০ থেকে ২৭০ লিটার ধারণক্ষমতা) ফ্রিজ। এই ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজগুলোই মধ্যম আয়ের মানুষের বেশি পছন্দ।ব্যবসায়ীরা বলছেন, দেশে সর্বনিম্ন ১৯ হাজার ৭০০ টাকায় ফ্রিজ কেনা যায়। সাড়ে পাঁচ সিএফটি (১৪০ লিটার) ফ্রিজ পাওয়া যায় ২৪ হাজার টাকায়। আট সিএফটির (২০০ লিটার) একটি ফ্রিজের দাম ৩০ থেকে ৪৫ হাজার টাকা। আর ১০ সিএফটির (২৫০ থেকে ২৭০ লিটার) ফ্রিজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৫০ হাজার টাকায়। এ ছাড়া সাড়ে ১০ সিএফটি (২৮০ লিটার) ফ্রিজ ৫০ থেকে ৬০ হাজার এবং ১২ সিএফটির ফ্রিজ পাওয়া যাচ্ছে ৭০ হাজার টাকায়।রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান সোমবার প্রথম আলোকে বলেন, ‘কোরবানির আগে এবার ফ্রিজের বিক্রি ভালো। ডিপ ফ্রিজ বেশি বিক্রি হচ্ছে। ঈদে দুই লাখের মতো ফ্রিজ বিক্রি হয়। আমার জানামতে, এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের মতো ফ্রিজ বিক্রি হয়েছে। ঈদের আর তিনদিন বাকি আছে। ফ্রিজ বিক্রির পরিমাণ দুই লাখ ২০ হাজার থেকে ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।’তবে ইলেকট্রনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে সোমবার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ৫০ হাজারের কিছু বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। শেষ পর্যন্ত তা দেড় থেকে দুই লাখে পৌঁছাতে পারে।এমনিতে সারা বছরই আমদানি হয় নানা ব্র্যান্ডের, নানা ধরনের ফ্রিজ। আবার দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনও ফ্রিজ উৎপাদন করে তা বাজারজাত করছে।আমদানিকারকদের সূত্রে জানা যায়, রোজার ঈদের পর থেকেই কোরবানির ঈদ সামনে রেখে ফ্রিজের আমদানি হতে থাকে। ইলেকট্রনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এ সময় তিন থেকে চার লাখ ফ্রিজ আমদানি হয়েছে। রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন বণিক সমিতি বলছে, কোরবানির ঈদ উপলক্ষে গত কয়েক দিনে চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে ৩০ হাজার ফ্রিজ খালাস করা হয়েছে।চড়া শুল্ক রয়ে গেছে: তবে আমদানি করা ফ্রিজে উচ্চহারে শুল্ক একটি বড় বাধা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ প্রসঙ্গে গৌরাঙ্গ দে বলেন, ‘আগে আমরা আট সিএফটির একটি ফ্রিজ ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করতাম। এখন তা বিক্রি করতে হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকায়। তা হলে নতুন ক্রেতা গড়ে উঠবে কীভাবে?’আমদানিকারকেরা বলছেন, রেফ্রিজারেটর খাতটি অনেকটাই আমদানিনির্ভর। দেশের মোট চাহিদার ৮৫ শতাংশই পূরণ হয় আমদনি করা ফ্রিজ দিয়ে। বাকি ১৫ শতাংশ দেশে উৎপাদিত হয়। বিদেশ থেকে একটি ফ্রিজ আমদানি করলে সরকারকে ১২৭ শতাংশ হারে শুল্ক দিতে হয়। কিন্তু দেশে ফ্রিজ তৈরি করলে শুল্ক দিতে হয় মাত্র ১২ শতাংশ। আমদানি করা ও দেশে উৎপাদিত অন্য কোনো পণ্যের ক্ষেত্রে এত বেশি শুল্ক পার্থক্য নেই।ইলেকট্রনিক মার্চেন্ট সমিতি বলছে, দেশে প্রতিবছর ১০ লাখ ফ্রিজ বিক্রি হয়। এর ৩০ শতাংশই বিক্রি হয় কোরবানির ঈদের আগে। উচ্চ শুল্কহারের কারণে ব্যবসায়ীদের ফ্রিজের দাম অনেক বেশি রাখতে হয়। যার কারণে চাহিদা থাকলেও অনেক ক্রেতাই ফ্রিজ কিনতে পারেন না। দাম কমাতে পারলে বছরে এখন ১৫ লাখ ফ্রিজ বিক্রি হতো।