কোরবানির পশুর চামড়া কিনতে ৪০০ কোটি টাকার ব্যাংক ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা পশুর চামড়া কিনতে চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৩১১ কোটি টাকার ঋণ দিচ্ছে। গত বছরের তুলনায় এর প্রবৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ।এর পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি বিশেষায়িত ও বেসরকারি ব্যাংক আরও প্রায় ১০০ কোটি টাকার ঋণ বিতরণ করছে। সব মিলিয়ে আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে চামড়া খাতে ৪০০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের জোগান দেওয়া হবে। সূত্রগুলো জানায়, গত বছরের মতো এ বছরও চামড়া খাতে সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। ঈদ সামনে রেখে জনতা ব্যাংক এবার দেশের চামড়া ব্যবসায়ীদের চাহিদামতো ১৫৭ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করবে। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান বলেন, তাঁরা এবার নতুন ৯০ কোটি টাকা ও ৬০ কোটি টাকার ইতিপূর্বে বিতরণ করা ঋণ নবায়ন করছেন। এ ছাড়া ইতিমধ্যেই তাঁদের এ খাতে আরও প্রায় ১০০ কোটি টাকার ঋণ বিনিয়োগ করা আছে।সোনালী ব্যাংক এ বছর চামড়া খাতে ৬০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ৯০ কোটি ও রূপালী ব্যাংক ২৫ কোটি টাকার ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রগুলো জানায়। ঈদের আগে-পরে কয়েক ধাপে এসব ঋণ বিতরণ করা হবে। এদিকে, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক এবং বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক চামড়া খাতে সীমিত পরিমাণে ঋণ শাখা পর্যায় থেকে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ব্যাংকগুলো গত রোববার থেকে তাদের ঋণ বিতরণ শুরু করেছে। গত বছর চামড়া খাতে সরকারি ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ ছিল ২৪০ কোটি টাকার মতো। পশুর ভালো মানের চামড়ার সিংহভাগ জোগান আসে কোরবানির পশু থেকে। কোরবানি করতে ধর্মপ্রাণ মুসলমানরা বাছাই করা পশু কিনে থাকেন। ফলে শিল্পের জন্য উন্নতমানের চামড়া কিনতে ব্যবসায়ীরাও এ সময় ব্যস্ত থাকেন। এক হিসাবে জানা যায়, ট্যানারি-শিল্পে বার্ষিক চামড়ার মোট চাহিদার ৮০ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানি দেওয়া পশু থেকে। এই চামড়া অন্যান্য সময় সংগৃহীত পশুর চামড়া থেকে উন্নতমানের। বিপুল পরিমাণ চামড়ার সরবরাহ হওয়ায় ব্যবসায়ীরা এই সময় সব চামড়া নিজেদের নগদ অর্থে কিনতে পারেন না। তাই প্রতিবছরই ঈদুল আজহার আগে চামড়া খাতে ঋণ বিতরণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী-শিল্পপতিরা তৎপর হন। ব্যবসায়ীরা ব্যাংকগুলোতে বিশেষত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে ধরনা দিয়ে থাকেন। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকই চাহিদার বড় অংশ এ খাতে ঋণের জোগান দিয়ে থাকে। কিন্তু চামড়া খাতের বিতরণ করা ঋণের এক বড় অংশই বছরের পর বছর খেলাপি হয়ে রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিছু ব্যতিক্রম লক্ষ করা গেছে।এ প্রসঙ্গে আমিনুর রহমান বলেন, ‘আমাদের ব্যাংক থেকে গত বছর চামড়া খাতে বিতরণ করা ঋণের প্রায় ১০০ ভাগই আদায় হয়েছে। আর নিয়ম অনুসারে যারা ঋণ পরিশোধ করেছে তাদেরই কেবল নতুন ঋণ দেওয়ার সুযোগ থাকে।’ অন্যান্য ব্যাংকেও গতবারের বিতরণ করা চামড়া-ঋণ আদায় ভালো বলে জানা যায়। তবে চামড়া খাতে ইতিপূর্বে দেওয়া প্রায় ৪০০ কোটি টাকা খেলাপি হয়ে রয়েছে। এই ঋণের প্রায় সিংহভাগ নব্বই দশকের প্রথম ভাগে বিতরণ করা হয়েছিল, যা এখনো আদায় করা সম্ভব হচ্ছে না।এদিকে, গত দেড়-দুই মাস অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্তের আশঙ্কায় দেশে গরু জবাই ব্যাপক হারে হ্রাস পায়। ধারণা করা হয়, এ সময় আগের বছরের তুলনায় দুই থেকে তিন লাখ পশু কম জবাই হয়েছে। যার ফলে এবার কোরবানির পশুর হাটে গত বছরের চেয়ে দুই থেকে তিন লাখ বেশি পশু উঠবে।