কোরবানির পশুর চামড়ার তিন বছর আগের দামই নির্ধারণ
সরকার ও ব্যবসায়ীরা মিলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছেন।
এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা। এ ছাড়া সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়া হবে ২০ থেকে ২২ টাকা এবং বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা। গতবার, এমনকি তার আগের বারও একই দাম ছিল।
সচিবালয়ে গতকাল রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে চামড়াশিল্পের ব্যবসায়ী, রপ্তানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এবারের দাম নির্ধারণ করা হয় এবং বাণিজ্যমন্ত্রী বৈঠকেই তা ঘোষণা করেন।
ঘোষণার আগে বাণিজ্যমন্ত্রী একবার বলেন, ‘তাহলে গতবার যে দাম ছিল, সে দামই থাকুক।’ ব্যবসায়ীদের মন্ত্রী আবারও প্রশ্ন রাখেন, ‘দাম কি তাহলে আগেরটাই থাকবে?’
অন্য অনেক দেশে চামড়ার দাম বেশি থাকলেও দেশে না বাড়ানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী ব্যাখ্যা দেন এভাবে, ‘চামড়াশিল্প সাভারে স্থানান্তরের পর মালিকেরা একটু চাপে রয়েছেন। এ কারণে ভারতে বা অন্য দেশে দাম একটু বেশি হলেও গতবারের দামই রেখেছি।’
অন্যবার মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হলেও এবার তা হয়নি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মহিষের দর ব্যবসায়ীরা ঠিক করবেন। এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই।’
কোরবানির পশুর চামড়ার যে দাম নির্ধারণ করা হয়, তা লবণযুক্ত চামড়া বলে বাণিজ্যমন্ত্রী জানান। সাংবাদিকেরা লবণযুক্ত ও লবণ ছাড়ার মধ্যে একটা ফাঁকির আশঙ্কা থাকে বলে জানালে মন্ত্রী পরে তা স্পষ্ট করেন। বলেন, ‘লবণযুক্ত বা লবণ ছাড়া যা-ই হোক না কেন, প্রতি বর্গফুট চামড়ার দাম এটাই হবে।’
ঢাকা জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় চামড়া স্থানান্তরে বিধিনিষেধ থাকার কথা জানালে বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকায় এবার চামড়া স্থানান্তরে কোনো অসুবিধা হবে না।
রবিউল আলম প্রতিবছর ভারতে চামড়া পাচারের গুজবের উল্লেখ করে বলেন, ‘চামড়া পাচার অবাস্তব। কারণ, আট ঘণ্টার মধ্যে চামড়া নষ্ট হয়ে যায়।’
বাণিজ্যমন্ত্রী তারপরও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রতিনিধির কাছে পাচার ঠেকানোর প্রয়োজনীয় উদ্যোগের কথা জানতে চান। বিজিবির প্রতিনিধি জানান, ‘এরই মধ্যে সীমান্ত এলাকায় নির্দেশনা দেওয়া হয়েছে।’
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ সাভারে চামড়া শিল্পনগরে স্থানান্তরের ফলে ব্যাংকঋণ পেতে সমস্যা হচ্ছে বলে জানান। মন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে কার্যপত্র ও চামড়াশিল্পের ওপর ‘বাণিজ্যমন্ত্রীর অবগতির জন্য’ বাণিজ্যসচিব শুভাশীষ বসু যেসব তথ্য উপস্থাপন করেন, সেগুলোর কিছু কিছু বিভ্রান্তিকর বলে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। বলা হয়, কাঁচা চামড়ার পরিবর্তে ফিনিশড চামড়া রপ্তানি হলে দেশ বেশি লাভবান হবে। ব্যবসায়ীরা বলেন, কাঁচা চামড়া তো রপ্তানিই হয় না, মন্ত্রণালয় কেন এ কথা বলবে।
বাণিজ্যমন্ত্রী এ ব্যাপারে বলেন, ‘ঠিকই তো। কাঁচা চামড়া তো আমরা রপ্তানি করি না। এটা লেখার দরকার ছিল না।’
বর্তমানে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ৩ মণ মাংস হবে এমন গরু থেকে ২০ থেকে ২২ বর্গফুট চামড়া পাওয়া যায়। বছরে বাংলাদেশ থেকে ২২ থেকে ২৫ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়, যার ৬০ শতাংশই আসে কোরবানির ঈদ থেকে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতবার ১ কোটি ৫ লাখ গবাদিপশু কোরবানি হয়। এবার কোরবানিযোগ্য পশু আছে ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার।
প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকেরাও বাণিজ্যসচিবের কার্যপত্রের আরেকটি অংশ নিয়ে কথা বলেন। কার্যপত্রে বলা হয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়ার দাম কিছুটা বেশি।
তাহলে কম দাম নির্ধারণ করে গরিবের হক নষ্ট করা হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে কার্যপত্র যাঁরা তৈরি করেছেন, তাঁদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বেশি—এ কথা কেন লেখা হলো? কী সব লিখে রাখে, সব পণ্ডিত, আমাকে দেখায়ও না...।’
এ সময় বাণিজ্যসচিব উপস্থিত ছিলেন।
ঢাকায় গত পাঁচ বছরে কোরবানির গরুর চামড়ার দাম (প্রতি বর্গফুট)
২০১৩ ৮৫-৯০ টাকা
২০১৪ ৭৫-৮০ টাকা
২০১৫ ৫০–৫৫ টাকা
২০১৬ ৫০ টাকা
২০১৭ ৫০-৫৫ টাকা