ভারতীয় গরু না এলেও আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে দাবি করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। মন্ত্রী জানান, তাঁর কাছে তথ্য রয়েছে, ঈদে যে পরিমাণ পশুর চাহিদা থাকে, কোরবানির জন্য এবার তার চেয়েও বেশি পশু প্রস্তুত রয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ‘দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণ চন্দ্র চন্দ এসব কথা বলেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল আনোয়ার, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল করিম এবং ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলাল। আর প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জসীম উদ্দিন।
প্রতিমন্ত্রী জানান, গত বছর কোরবানির ঈদে ১ কোটি ৪ লাখ পশু কোরবানি করা হয়েছিল। এ বছর এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার পশু প্রস্তুত আছে। আইনগত বিষয় ঠিক থাকলে এবার ভারতীয় গরু আসার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। ১ হাজার কেজি ওজনের বাহামা জাতের গরু উৎপাদনে খামারিদের উৎসাহিত করেন প্রতিমন্ত্রী।
কাজী খলীকুজ্জমান আহমদ কথা বলেন মূলত ক্ষুদ্রঋণ নিয়ে। বলেন, ক্ষুদ্রঋণে দারিদ্র্য মুক্তি আসে না। চাষের জন্য ১ জন মানুষের ৪০ হাজার টাকা দরকার থাকলেও তিনি পান ১০ হাজার টাকা। বাকি টাকা জোগাড় করতে না পারায় ওই ১০ হাজার টাকাই তিনি খেয়ে ফেলেন।
অনুষ্ঠানে ইআরএফ ও পিকেএসএফের মধ্যে ‘পিকেএসএফ-ইআরএফ অ্যাওয়ার্ড’ চালুর জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এতে স্বাক্ষর করেন ইআরএফের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও পিকেএসএফের ডিএমডি মো. জসীম উদ্দিন।
এমওইউর শর্ত অনুযায়ী গ্রামীণ অর্থনীতি বিষয়ে রিপোর্টিংয়ের জন্য প্রতি বছর ৩টি বিভাগে (টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন) ৩ জন করে মোট ৯ জনকে সম্মাননা দেওয়া হবে। পিকেএসএফ এ ছাড়া প্রতিবছর ইআরএফের দুজন সদস্যকে ঢাকা স্কুল অব ইকোনমিকসে অর্থনীতিতে ডিপ্লোমা অথবা স্নাতকোত্তর পড়াশোনার ব্যয়ভার বহন করবে।