কোরবানির পশুর হাট বসেছে অনলাইনে

উত্তরার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তাজুল ইসলাম প্রতিবছর তিন ছেলেকে সঙ্গে নিয়ে কোরবানির পশু কিনে থাকেন। এটা তাঁদের পরিবারের রেওয়াজ হয়ে গেছে। ৩০ বছর ধরেই এই রেওয়াজ চলছে।
কিন্তু তাজুল ইসলামের বয়স ৭০ পেরিয়ে গেছে। ছেলেরাও ব্যস্ত কর্মজীবনে প্রবেশ করেছেন। ফলে হাটে গিয়ে কোরবানির পশু কেনা তাঁদের জন্য বিরাট ঝক্কির ব্যাপার। এই অবস্থায় নতুন উপায় খুঁজে পেয়েছেন পরিবারের ছোট সন্তান। এবার অনলাইনে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কোরবানির পশু কেনার পরিকল্পনা চলছে।
তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারে এখন ঘরে বসে কোরবানির পশু কেনার সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে হাট থেকে গরু কিনে আনা ও কয়েক দিন বাড়িতে লালন-পালন করার ঝক্কিঝামেলা নেই। অনলাইনে বুকিং দিয়ে কিছু অগ্রিম অর্থ পরিশোধ করলে নির্দিষ্ট সময়ে বাড়িতে গরু পৌঁছে দেবে বিক্রেতা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
বাংলাদেশে আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ সামনে রেখে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে গ্রাহকদের জন্য কোরবানির পশু কেনাবেচার সুযোগ করে দিচ্ছে। এর মধ্যে কোনো কোম্পানি সরাসরি কেনাবেচার সঙ্গে জড়িত। আবার কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে শুধু গরু কেনাবেচার বিজ্ঞাপন প্রকাশ পাচ্ছে। কেনাবেচা প্রক্রিয়ায় শুধু বিক্রেতা ও ক্রেতা থাকেন।
‘আমার দেশ ই-শপ’ নামের একটি প্রতিষ্ঠান অন্য পণ্যের পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু বেচাকেনা করছে। তাদের ওয়েবসাইটে বিভিন্ন আকারের গরুর ছবিসহ দাম উল্লেখ করা রয়েছে। যে কেউ চাইলে এখান থেকে গরু কিনতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: www.amardesheshop.com।
জানা গেছে, এ বছর নরসিংদী, টাঙ্গাইল ও কুষ্টিয়ার কৃষকের গরু বিক্রি করা হচ্ছে। মূলত কৃষকেরাই তাঁদের কাঙ্ক্ষিত দাম হাঁকেন, আর সেই দাম ওয়েবসাইটে উল্লেখ করা হয়।
তবে কেউ যদি দর-কষাকষি করতে চান, তাহলে যোগাযোগ করিয়ে দেয় প্রতিষ্ঠানটি। এক-তৃতীয়াংশ দাম নগদ কিংবা ক্রেডিট কার্ডে পরিশোধ করলে গরু বাসায় পৌঁছে দেওয়া হয়। তখন বাকি অর্থ পরিশোধ করতে হয়। আর বাসায় পৌঁছে দেওয়ার জন্য তিন হাজার টাকা সেবামাশুল নেওয়া হয়। এই মাশুল শুধু রাজধানীর মধ্যে প্রযোজ্য।
জানা গেছে, গত কোরবানির ঈদে ১৭টি গরু বিক্রি করেছে ‘আমার দেশ ই-শপ’। এবার ২০টি বিক্রির লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে পাঁচটি গরু বিক্রি হয়ে গেছে।
প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, আমরা কৃষক বা গৃহস্থকে সরাসরি বাজারসুবিধা দিতে চাই। ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দিতে চাই, যাতে ন্যায্যমূল্য পান তাঁরা।’
এদিকে ক্লিকবিডি লিমিটেড নামের একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানও তাদের ওয়েবসাইটে কোরবানির পশু বা গরু বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। মূলত বিক্রেতা নিজেই বিজ্ঞাপন দেন। মাশুলের বিনিময়ে বিজ্ঞাপন নেওয়া হয়। www.clickbd.com এই ওয়েবসাইটে একটি গরু ও উট বিক্রির বিজ্ঞাপন রয়েছে।
অন্যদিকে দেশের অন্যতম অনলাইনে বেচাকেনার পোর্টাল www.bikroy.com -এ কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। গতকাল বুধবার এই ওয়েবসাইটে বেশ কিছু গরু বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ ছাড়া সেলবাজারের (www.cellbazzar.com) ওয়েবসাইটেও সুযোগ রয়েছে কোরবানির পশু কেনার।