
বুধবার বেলা ১১টা। ঢাকার রমনার আইইবি ভবনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সম্মেলনকক্ষে উপস্থিত দেড় শতাধিক মানুষ। সবাই এসেছেন দেশের টেলিযোগাযোগ ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত গণশুনানিতে অংশ নিতে। গণশুনানির উদ্দেশ্য, দেশের অন্যতম দুই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি-এয়ারটেল একীভূত হওয়ার বিষয়ে সাধারণ গ্রাহক-ভোক্তা ও এই খাতের সঙ্গে যুক্তদের মতামত জানা।
অনুষ্ঠানের শুরুতে বিটিআরসির চেয়ারম্যান শাহ্জাহান মাহমুদ রবি-এয়ারটেল গণশুনানির পটভূমি তুলে ধরে বলেন, ‘বাইরের দেশে একীভূতকরণ (মার্জার) একটি নিয়মিত বিষয় হলেও আমাদের দেশে বিষয়টি তেমন নয়। আর টেলিযোগাযোগ খাতে এমন মার্জার প্রথম হওয়ায় এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তাই সব পক্ষের মতামত নিয়ে আমরা এগোতে চাই।’
বিটিআরসির চেয়ারম্যানের বক্তব্যের পর প্রথমেই মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা জাতীয় সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব)। সংগঠনটির উপদেষ্টা শামসুল আলম বলেন, গণশুনানিতে অংশ নেওয়ার আমন্ত্রণের চিঠি আমরা পেয়েছি গতকাল রাতে (মঙ্গলবার)। এ বিষয়ে লিখিত মতামতের মাধ্যমে ক্যাবের অবস্থান তুলে ধরার জন্য তিন সপ্তাহ সময় প্রয়োজন।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক এ কে এম শহীদুজ্জামান বলেন, ‘গণশুনানি আয়োজনের উদ্দেশ্যই হলো আপনাদের যা কথা তা সবার সামনেই বলতে হবে। এখানে লিখিত মতামত দেওয়ার সুযোগ নেই।’ তাঁর এ বক্তব্যের পর ক্যাবের উপস্থিত সদস্যরা নিজেদের মধ্যে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একদল তখনই মতামত প্রকাশের পক্ষে মত দেন, আর অন্য দল অবস্থান নেন বিপক্ষে।
এ অবস্থায় বিটিআরসির চেয়ারম্যান ক্যাবের দুই পক্ষকে বাইরে গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন। এরপর ফিরে এসে ক্যাবের পক্ষে মতামত দেন সংগঠনটির আইনজীবী আনিক আর হক। তিনি বলেন, একীভূত হওয়ার পর বড় তিনটি অপারেটরের মার্কেট শেয়ার হবে ৯৬ শতাংশ। তিন অপারেটর মিলে বাজার দখল করায় গ্রাহকসেবার দিকে তারা মনোযোগ না-ও দিতে পারে।
ক্যাবের এ প্রতিনিধি আরও বলেন, একীভূত দুই অপারেটরের কর্মীদের চাকরির নিশ্চয়তার পাশাপাশি যাঁরা নতুন প্রতিষ্ঠানে যোগ দিতে চান না, তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে জোর দেন তিনি।
ফাতেমা আউয়াল নামের আরেক আইনজীবী বলেন, রবি-এয়ারটেল একীভূত হলে তা টেলিযোগাযোগ খাতের জন্য লাভজনক হবে।
সাধারণ গ্রাহক হিসেবে গণশুনানিতে মতামত দেন অভিনেতা হাসান মাসুদ। তিনি বলেন, রবি-এয়ারটেল একীভূত হলে ভোক্তা হিসেবে বড় নেটওয়ার্কে কম খরচে কথা বলার সুবিধা পাওয়া যাবে। আন্তর্জাতিক রোমিংয়েও বাড়তি সুবিধা মিলবে।
মোবাইল রিচার্জ ব্যবসায়ী সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম এক হওয়ার আগেই দেশের বিভিন্ন জায়গায় রবি-এয়ারটেল মিলে প্রচারণা চালানোর বিষয়টি বিটিআরসির নজরে আনেন। এ সময় বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘একসঙ্গে প্রচারণা চালানোর অনুমতি আমরা দেইনি।’
গ্রামীণফোনের প্রতিনিধি বলেন, সরকারের রাজস্ব আয়ের বড় মাধ্যম হল তরঙ্গ। একীভূত হওয়ার আগে তরঙ্গ নিলামের বিষয়টি নিশ্চিত না করা হলে বাড়তি তরঙ্গ ভবিষ্যতে বিক্রি করা কঠিন হবে। কারণ পেটে ক্ষুধা না থাকলে মানুষ খেতে চায় না।
বাংলালিংকের পক্ষ থেকে বলা হয়, একীভূত হওয়ার এ প্রক্রিয়ার মাধ্যমে বাজারে তরঙ্গের ভারসাম্য যাতে নষ্ট না হয়, সেটি নিশ্চিত করতে হবে। ওয়ারিদ টেলিকমকে অধিগ্রহণের সময় এয়ারটেলকে অনেকটা পানির দামে তরঙ্গ দেওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে সঠিক মূল্য নিশ্চিতের আহ্বানও জানায় বাংলালিংক।
সিটিসেলের এক কর্মকর্তা বলেন, এখন এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) নিয়ে চিন্তা করার সময় এসেছে। না হলে সিটিসেলের মতো টেলিটকেরও একই অবস্থা হবে।
রবির পক্ষ থেকে বলা হয়, একীভূত হলে গ্রাহকেরা অপেক্ষাকৃত কম দামে উন্নত সেবা ও বিস্তৃত নেটওয়ার্কের আওতায় আসবেন। উন্নত সেবা দেওয়ার জন্য অন্য অপারেটররা বাধ্য হয়ে তরঙ্গ নিলামে অংশ নেবে, এতে সরকারের রাজস্ব বাড়বে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, গণশুনানিতে অংশ নিতে মোট আবেদন জমা পড়ে ২৮০টি। এর মধ্যে যাচাই-বাছাই করে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় ১৭৯ জনকে।